ওসমানীনগরে বাস দুর্ঘটনায় ৯ মৃত্যু: তদন্তে পাঁচ সদস্যের কমিটি
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে আহ্বায়ক এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশাকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়েছে। এতে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সড়ক ও জনপথ বিভাগের একজন করে প্রতিনিধিকে সদস্য করা হয়েছে।
তদন্ত কমিটিকে দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধান, দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়িত্বহীনতা ও গাফিলতি ছিল কি না, তা উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।
অফিস আদেশে কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সকালে ওসমানীনগরের কাশিকাপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় নয়জনে।
দুর্ঘটনায় আহত ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ, সংশ্লিষ্টদের কোনো দায়িত্বে অবহেলা ছিল কি না এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন—তদন্ত কমিটির প্রতিবেদনে এসব বিষয় উঠে আসবে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array