সীমান্তে পৃথক অভিযান, ৫২ বোতল মাদক জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫২ বোতল ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
রোববার (১৮ অক্টোবর) রাতে ৫৩ বিজিবির সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে মনাকষা ইউনিয়নের ড্যাইসাপাড়া এলাকায় প্রথম অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল সেখানে তল্লাশি চালিয়ে ৩৫ বোতল ভারতীয় কাফ রিলিফ সিরাপ উদ্ধার করে।
এরপর রাত ১০টা ১৫ মিনিটের দিকে দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায় মনোহরপুর বিওপির আরেকটি টহল দল। এ সময় ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তের নিরাপত্তা বজায় রাখা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধেও বিজিবি সদস্যরা কাজ করছেন।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে তাদের অভিযানে এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ২৩৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৫৩ বোতল মদ উদ্ধার করা হয়েছে।










Disqus comments are not configured yet.