অনুশোচনায় ফেরত দিল দামি বাদ্যযন্ত্র, রেখে গেল ‘মাতাল ছিলাম’ চিরকুট
চুরি করার পর চোর সাধারণত লোকচক্ষুর আড়ালে চলে যায়। তবে বড়দিনের ঠিক আগে যুক্তরাষ্ট্রে ঘটেছে এক ব্যতিক্রমধর্মী ও নাটকীয় ঘটনা। ‘দুঃখিত, আমি মাতাল ছিলাম’—এমন একটি চিরকুট রেখে চুরি করা মূল্যবান বাদ্যযন্ত্র মালিকের কাছেই ফেরত দিয়ে গেছে এক চোর।
ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির লার্ক স্ট্রিট মিউজিক নামের একটি বাদ্যযন্ত্রের দোকানে। বড়দিনকে কেন্দ্র করে যখন চারদিকে উৎসবের আমেজ, ঠিক তখনই দোকানটিতে হানা দেয় ওই চোর।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অত্যন্ত চতুরতার সঙ্গে নিজের জ্যাকেটের নিচে লুকিয়ে দোকান থেকে দুটি দামি ম্যান্ডোলিন চুরি করে নিয়ে যায় সে। পরে উদ্ধার হওয়া ম্যান্ডোলিন দুটির বাজারমূল্য ছিল যথাক্রমে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা এবং ৫ লাখ ১০ হাজার টাকা।
দোকানটির মালিক বাজি লেভিন চুরির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চোরটি বুঝতে পারে যে তার পালানোর পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে।
ধারণা করা হচ্ছে, ধরা পড়ার আশঙ্কা ও সামাজিক লজ্জার কারণেই তার মধ্যে অনুশোচনা তৈরি হয়। পরে সে শুধু চুরি করা বাদ্যযন্ত্রই ফেরত দেয়নি, সঙ্গে রেখে গেছে একটি চিরকুট। সেখানে লেখা ছিল— ‘দুঃখিত, আমি মাতাল ছিলাম। মেরি ক্রিসমাস। আপনি একজন ভালো মানুষ।’
দোকান মালিক বাজি লেভিন জানান, ঘটনার দিন তিনি চোরটিকে ধাওয়া করলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। পুরো ঘটনাকে তিনি সিনেমার গল্পের সঙ্গে তুলনা করেছেন।
তিনি ভিডিওটি ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। যদিও বাদ্যযন্ত্রগুলো ফেরত পাওয়া গেছে, তবে পুলিশ এখনো ওই চোরের পরিচয় শনাক্তে কাজ করছে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array