এগারসিন্দুর ট্রেনের যাত্রী আবু সুফিয়ান হত্যা: মূল আসামি মিরাজ গ্রেপ্তার
এগারসিন্দুর গোধূলি ট্রেনের যাত্রী ও কলেজছাত্র আবু সুফিয়ান হত্যাকাণ্ডের মূল আসামি মিরাজকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িআল গ্রামের বাসিন্দা আবু সুফিয়ান ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর গোধূলি ট্রেনে ভ্রমণ করছিলেন। ভৈরব রেলওয়ে জংশন এলাকায় ট্রেন থেকে নামার পর ছিনতাইকারীরা তাকে পথরোধ করে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।
ঘটনার পরপরই ভৈরব জিআর পুলিশ ও ভৈরব থানা পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা কুখ্যাত ছিনতাইকারী ও হত্যাকারী মিরাজকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ভৈরব রেলওয়ে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। রেলওয়ে থানার ডিউটি অফিসার আফজাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে একই দিনে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত মিরাজের বিরুদ্ধে ভৈরব ও আশপাশের থানায় ছিনতাই, ডাকাতি ও হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।













