কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস এলাকায় র্যাবের অভিযান, ২০ দালালকে কারাদণ্ড
কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২০ জন দালালকে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত শেষে সাংবাদিকদের তিনি বলেন, অভিযুক্তরা দোষ স্বীকার করায় এবং অপরাধের মাত্রা বিবেচনায় তাঁদের সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ এক মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অভিযান চলাকালে দালালরা র্যাবের সিভিল ফোর্সের সদস্যদের কাছেও অর্থ দাবি করে। এভাবে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দালালি কার্যক্রম চালিয়ে আসছিল। এই অভিযানের ফলে পাসপোর্ট অফিসে জনভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
র্যাব জানায়, পাসপোর্ট অফিসে দায়িত্বরত একজন আনসার সদস্যের সঙ্গে দালালদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি জেলা কমান্ড্যান্টকে অবহিত করা হয়েছে। পাশাপাশি, অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array