জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের ঐতিহাসিক জয়
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বিজয় অর্জন করে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। সদস্য রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ ভোটে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।
মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ভোটগ্রহণে এই ফলাফল ঘোষণা করা হয়। এ বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসল বাংলাদেশের কোনো প্রতিনিধি।
নির্বাচনে জয়লাভের পর জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশি কূটনীতিক, কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ফলাফল ঘোষণার পর অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হন ড. খলিলুর রহমান।
জাতিসংঘের প্রতিষ্ঠিত আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নির্বাচিত হওয়ার কথা ছিল। সেই প্রক্রিয়ায় বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের জন্য এ অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। চার দশক পর আবারও বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল আন্তর্জাতিক ফোরামের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়াকে দেশের কূটনৈতিক অঙ্গনের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অস্থিরতা, জলবায়ু সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন, শান্তি ও নিরাপত্তা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রশ্নে আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ড. খলিলুর রহমান। ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব তিনি এক বছরের জন্য পালন করবেন।
কূটনৈতিক মহল মনে করছে, এ বিজয় শুধু একজন প্রার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা, সক্রিয় কূটনীতি এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন। একই সঙ্গে এটি বিশ্বপরিসরে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
বাংলাদেশের এই বিজয়কে জাতিসংঘের ইতিহাসে দেশের অন্যতম উল্লেখযোগ্য কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array