জেলা ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে অস্টগ্রামে আনন্দ মিছিল
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জের হাওরাঞ্চল অষ্টগ্রামে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। সোমবার (১ জুন) বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল এবং সদস্যসচিব আল মাহমুদ মোস্তাক। তাদের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলটি উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে শুরু হয়ে অষ্টগ্রাম বড় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতলী মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নবগঠিত জেলা ছাত্রদল কমিটির প্রতি সমর্থন ও শুভকামনা জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল এবং সদস্যসচিব আল মাহমুদ মোস্তাক। বক্তারা নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, ছাত্রদল দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তফসির, রোটারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তাকবীর আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিন, সাধারণ সম্পাদক নান্টু, সাংগঠনিক সম্পাদক আতিউল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
নবগঠিত জেলা ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। সংগঠনের নেতারা আগামী দিনে ছাত্রদলের আদর্শ ও কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদের মাঝে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।










