দস্তারবন্দী, সংবর্ধনা ও দোয়ায় সম্পন্ন কুলিয়ারচরের সালুয়া মাদ্রাসার ঈদ পুনর্মিলনী
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ঐতিহ্যবাহী সালুয়া ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার ফারেগীন ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণ, মতবিনিময় এবং দ্বীনি শিক্ষা বিস্তারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সোমবার (১ জুন) সকাল ৯টা থেকে উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দাস্থ ঐতিহ্যবাহী সালুয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার ফারেগীন ও প্রাক্তন ছাত্রদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মিলনমেলা দিনব্যাপী প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দস্তারবন্দী সম্পন্ন করেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন বাজরা মাযহারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আমির উদ্দিন খান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সালুয়া ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি মাওলানা রফিকুর রহমান। শুরুতে আগত অতিথি, আলেম-ওলামা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুন নূর এবং সহকারী শিক্ষক হাফেজ মাওলানা নূরুল ইসলাম (শাহিন)।
বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা দ্বীনি শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধ চর্চা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদ্রাসার কৃতি শিক্ষার্থী, হাফেজ ও প্রাক্তন ছাত্রদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের স্মৃতিচারণ করেন এবং মাদ্রাসার উন্নয়ন ও অগ্রগতিতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
দিনব্যাপী আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। বহু বছর পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।










