‘পড়ার টেবিলে ফিরতে হবে শিক্ষার্থীদের’—কিশোরগঞ্জে জুলাই কুইজের পুরস্কার বিতরণ
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই কুইজ প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পরিষদ, কিশোরগঞ্জের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোস্তারী কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে’ আয়োজিত কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬ জন শিক্ষার্থী অংশ নেয়। জ্ঞান, মেধা ও মননের এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন এবং আন্দোলন ও এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্রনেতৃত্ব ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষামুখী রাখা এবং তাদের পড়ালেখায় ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল। শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও পড়ালেখায় মনোযোগ ধরে রাখা না গেলে আন্দোলনের মূল রূপকল্প ও অর্জন ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
প্রধান অতিথি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি মনোযোগ বাড়াতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে ধারণ করার পাশাপাশি শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
আয়োজকেরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও তাৎপর্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কুইজের মতো সৃজনশীল আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচর্চা ও সাধারণ জ্ঞানের প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ বিভিন্ন গ্রুপে বিজয়ী শিক্ষার্থীরা এ পুরস্কার গ্রহণ করে।
পুরস্কার বিতরণ শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, কবিতা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
জেলা পরিষদের এ আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array