মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম দেশটির রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন। রবিবার বিকেলে রাজধানী মালের রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি এই কূটনৈতিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এর আগে মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীর (এমএনডিএফ) ড্রাম ও ট্রাম্পেট ব্যান্ডের নেতৃত্বে ঐতিহ্যবাহী শোভাযাত্রার মাধ্যমে রিপাবলিক স্কয়ার থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়ে আসা হয় নবনিযুক্ত হাইকমিশনারকে।
পরিচয়পত্র পেশের পর এক সৌজন্য বৈঠকে রাষ্ট্রপতি মুইজ্জু ও হাইকমিশনার নাজমুল ইসলাম দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ঐতিহাসিক বন্ধনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে কৃষি, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসম্পন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে আসছে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array