কিশোরগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিল জেলা পরিষদ
কিশোরগঞ্জে গরিব, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে জেলা পরিষদ। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। এ সময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা রহমান উপস্থিত ছিলেন। হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে স্থানীয় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তি, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিএনপির নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “সমাজের অবহেলিত, বিশেষ চাহিদাসম্পন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়। সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তাঁরাও সমাজের মূলধারায় অবদান রাখতে পারেন। কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণের এ ক্ষুদ্র প্রয়াসের মূল উদ্দেশ্য হলো, এসব মানুষের চলাচল সহজ করা এবং তাঁদের আত্মবিশ্বাস বাড়ানো।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সরকার ও জেলা প্রশাসনের এ ধরনের মানবিক কর্মসূচির মাধ্যমে জেলার অসহায় মানুষের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে। কিশোরগঞ্জ জেলা পরিষদ মানবকল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে। আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী মানুষের সহায়তায় এগিয়ে আসি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলি।”













Disqus comments are not configured yet.