করিমগঞ্জে আওয়ামী লীগ–ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আওয়াল এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম সিরাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত আটটার দিকে করিমগঞ্জ বাজারের মোরগ মহাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই আন্দোলনের সময় ছাত্রজনতার ওপর হামলার মামলায় তাদের আটক করা হয়েছে।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী করিমগঞ্জ থানার সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা থানার ভেতর ও বাইরে অবস্থান নিয়ে দুই নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই গ্রেফতার দুই নেতাকে জেলহাজতে পাঠানো হয়। তাদের গাড়িতে তোলার সময় বিক্ষুব্ধরা পুলিশের গাড়িতে হামলার চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।










