রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

করিমগঞ্জ–তাড়াইলে এনসিপির প্রার্থী খায়রুল কবির

হাবিবুর রহমান বিপ্লব প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৭:২১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
করিমগঞ্জ–তাড়াইলে এনসিপির প্রার্থী খায়রুল কবির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন খায়রুল কবির। তিনি বর্তমানে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর এলাকার আশুতিয়াপাড়ার টেকের বাড়ি তাঁর জন্মস্থান। উদীয়মান তরুণ রাজনীতিক খায়রুল কবির করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয় থেকে এইচএসসি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER) থেকে শিক্ষা বিষয়ে স্নাতক এবং শিক্ষা ও প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়ে প্রথম বিভাগ পাওয়া খায়রুল কবির শিক্ষা বিষয়ে উচ্চতর ডিগ্রি (ডি-ফিল) অর্জনের চেষ্টা অব্যাহত রেখেছেন। কর্মজীবনে তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষা গবেষণায় বিশ্বব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রকল্পে কাজ করেছেন।

রাজনীতি–সচেতন পরিবারের সন্তান খায়রুল কবির জীবনের প্রথম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—সবগুলোতেই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পরও কোটা বৈষম্যের কারণে চাকরি পাননি। ফলে তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হন। পরবর্তীতে কোটা আন্দোলনের নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে প্রতিষ্ঠাতা সহকারী সদস্য সচিব হিসেবে দায়িত্ব নেন।

২০২১ সালে গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করে শান্তিপূর্ণ মিছিল থেকে আটক হয়ে তিনি ছয় মাস কারাবরণ করেন। ২০২৪ সালে দ্বিতীয় ধাপে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে জুলাই অভ্যুত্থানে সরাসরি নেতৃত্ব দেন।

বর্তমানে জুলাই অভ্যুত্থানের প্রথম সারির নেতৃবৃন্দের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে উত্তরাঞ্চলের সংগঠক ও কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য তিনি করিমগঞ্জ–তাড়াইলবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এসএসসি ও সমমানের ফল আগামীকাল; ফল জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
এসএসসি ও সমমানের ফল আগামীকাল; ফল জানবেন যেভাবে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সারা দেশে একযোগে এ ফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

শনিবার এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের রেওয়াজ রয়েছে। সেই হিসাবে এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার জন্য ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিল পরীক্ষার জন্য ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার জন্য ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে।

ফল জানবেন যেভাবেঃ

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, নির্ধারিত দিনে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি মুঠোফোনে এসএমএস পাঠিয়েও পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।

এসএমএসে ফল জানতে যেকোনো মুঠোফোন অপারেটরের সিম ব্যবহার করা যাবে। এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আবার স্পেস দিয়ে YEAR লিখতে হবে। এরপর সেটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের ফরম্যাট হবে-

SSC DHA ROLL YEAR

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে লিখতে হবে-

SSC MAD ROLL YEAR

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে ফরম্যাট হবে-

SSC TEC ROLL YEAR

তিন ক্ষেত্রেই এসএমএস পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবে।

সালমান শাহ হত্যা মামলা: ডনকে কারাগারে পাঠানোর আবেদন সিআইডির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
সালমান শাহ হত্যা মামলা: ডনকে কারাগারে পাঠানোর আবেদন সিআইডির

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (৯ আগস্ট) বিকেলে ডনকে আদালতে হাজির করা হয়। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় রাখা হয়। তার বিরুদ্ধে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সিআইডির আবেদনে বলা হয়েছে, রোববার ভোর ৫টার দিকে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে এ মামলায় পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।

আবেদনে আরও বলা হয়, ডন জামিনে মুক্ত হলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে এবং তিনি পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তাঁর মৃত্যুর ঘটনায় ওই সময় অপমৃত্যুর মামলা করেন তাঁর বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী।

পরবর্তী সময়ে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ তুলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি। অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যার অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত।

১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি। প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। একই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালত ওই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন।

পরে সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন সালমান শাহের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। সবশেষ গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহের স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন—শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক আশরাফুল হক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। মামলায় আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে মোহাম্মদ আলমগীর উল্লেখ করেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর বোন নিলুফার জামান চৌধুরী (নীলা চৌধুরী), ভগ্নিপতি কমরউদ্দিন আহমদ চৌধুরী এবং তাঁদের ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, সালমান ঘুমাচ্ছেন।

কিছুক্ষণ পর প্রোডাকশন ম্যানেজার সেলিম ফোন করে সালমানের কিছু হয়েছে বলে জানান। এরপর পরিবারের সদস্যরা দ্রুত বাসায় ফিরে সালমানকে শয়নকক্ষে নিথর অবস্থায় দেখতে পান। অভিযোগে বলা হয়েছে, ওই সময় কয়েকজন বহিরাগত নারী তাঁর হাত-পায়ে তেল মালিশ করছিলেন এবং পাশের কক্ষে সামীরার আত্মীয় রুবি বসেছিলেন।

অভিযোগ অনুযায়ী, সালমানের মা তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য অনুরোধ করেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পায়ে নীলচে দাগ দেখতে পান স্বজনরা। পরে তাঁকে হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালমান শাহকে মৃত ঘোষণা করেন।

সালমান শাহের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে এর আগে গত ২০ মে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

পরে ২৪ মে সালমান শাহের মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দেন আদালত। এর পর বাদীপক্ষ মরদেহ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করলে আদালত তা নথিভুক্ত করেন।

পরে গত ২২ জুন দেহাবশেষ উত্তোলনের কার্যক্রম পরিচালনার জন্য সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ-সংক্রান্ত আদেশের অনুলিপি আদালতে দাখিল করা হলে তা নথিভুক্ত করা হয়।

মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত ৮৭৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত ৮৭৩

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৮ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে।

রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ৯৮৮ রোগী। এ সময়ে ৯৩৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছে ৯৪২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গযুক্ত সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ১১৫।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার তুলনায় অনেক বেশি। ফলে উপসর্গযুক্ত রোগীদের শনাক্তকরণ, দ্রুত চিকিৎসা এবং রোগের প্রকৃত কারণ নির্ণয়ে নজরদারি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41