রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে কিশোরগঞ্জের ছয় আসনের বেসরকারি ফল ঘোষণা
কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
ঘোষিত ফল অনুযায়ী, জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির প্রার্থী এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
কিশোরগঞ্জ–১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর)
১৮১টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৮টি ভোটকক্ষ ও পোস্টাল ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী মো. মাজহারুল ইসলাম ১ লাখ ২৪ হাজার ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা হেদায়েতউল্লাহ হাদী (রিকশা প্রতীক) পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৩২ ভোট।
কিশোরগঞ্জ–২ (পাকুন্দিয়া–কটিয়াদী)
১৭০টি কেন্দ্রের ৯৮৮টি ভোটকক্ষ ও পোস্টাল ভোট গণনা শেষে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়ল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৫ ভোট।
কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল)
১৫১টি কেন্দ্রের ৮২৩টি ভোটকক্ষ ও পোস্টাল ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. কর্নেল জিহাদ খান (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।
কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম)
১৫০টি কেন্দ্রের ৭৯৬টি ভোটকক্ষ ও পোস্টাল ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান ১ লাখ ৩২ হাজার ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী রোকন রেজা পেয়েছেন ৫৭ হাজার ৮২৯ ভোট।
কিশোরগঞ্জ–৫(বাজিতপুর-নিকলী)
১১৯টি কেন্দ্রের ৬৬৪টি ভোটকক্ষ ও পোস্টাল ভোটের ফলাফলে বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল ৭৯ হাজার ৬০৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৬৬ হাজার ৪৫০ ভোট।
কিশোরগঞ্জ–৬(কুলিয়ারচর-ভৈরব)
১৪২টি কেন্দ্রের ৮১৬টি ভোটকক্ষ ও পোস্টাল ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, বেসরকারিভাবে ঘোষিত এসব ফলাফলের চূড়ান্ত অনুমোদন ও সরকারি ঘোষণা দেবে বাংলাদেশ নির্বাচন কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।







