অষ্টগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফজলুর রহমান।
সভায় বক্তব্য দেন অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেব খাঁন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, কৃষি কর্মকর্তা অভিজিত সরকার, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন আশরাফী, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জার্নাল অব কান্ট্রি বিডি ডটকমের সম্পাদক নজরুল ইসলাম সাগর এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, নদী খনন, সমাজসেবা, কৃষি ও সেচসংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সমাধানে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সভা শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







