কিশোরগঞ্জে গাঁজাসহ তিন যুবক আটক, মোবাইল কোর্টে তিন মাসের কারাদণ্ড
কিশোরগঞ্জ জেলা-এ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ তিন যুবককে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা এবং মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন: কিশোরগঞ্জ সদর উপজেলার পাবইকান্দি গ্রামের মিনু মিয়ার ছেলে মো. মেহেদী হাসান মুরাদ (১৯), একই উপজেলার দক্ষিণ লতিবাবাদ গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. রুমান (২৪) এবং লতিবাবাদ গ্রামের ইমাম উদ্দিনের ছেলে মো. দেলোয়ার (২১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিকট প্রসিকিউশন দায়ের করেন। পরে মোবাইল কোর্টে তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।







