কিশোরগঞ্জে কবি মীর জাহান ভূইয়ার প্রথম কাব্যগ্রন্থ ‘ফাল্গুন করবী’র মোড়ক উন্মোচন
কিশোরগঞ্জ সদর উপজেলার বিশিষ্ট কবি মীর জাহান ভূইয়ার প্রথম কাব্যগ্রন্থ ‘ফাল্গুন করবী’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় শহরের জেলা পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মু. আ. লতিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আজিজ আহমেদ হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বেসরকারি গ্রন্থাগার সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রুহুর আমীন।
মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মো. শাহজাহান শাজু। এছাড়াও আলোচনায় অংশ নেন সমাজকর্মী আবুল কাশেস, কবি হারুন অর রশিদ, কবি-ছড়াকার গোলাপ আমিন, কবি আলমগীর অলিক এবং সাংবাদিক আতাউল হাসান দিনারসহ আরও অনেকে।
অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কবির প্রথম কাব্যগ্রন্থ ‘ফাল্গুন করবী’-এর মোড়ক উন্মোচন করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে কাব্যগ্রন্থটির সাহিত্যমান, ভাষার সৌন্দর্য এবং কবি মীর জাহান ভূইয়ার সৃজনশীলতা সম্পর্কে উচ্চ প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, এ গ্রন্থটি বাংলা সাহিত্যে ইতিবাচক অবদান রাখবে।




