কটিয়াদী মডেল থানায় ৭ পুলিশ কর্মকর্তার বদলি
নতুন ওসিসহ কটিয়াদী থানা ঝকঝকে: প্রথম দিনে বড় মাদক ব্যবসায়ী আটক
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার ওসি, পরিদর্শক (তদন্ত), এসআই ও এএসআইসহ সাত পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন লিখিত আদেশে এই বদলীর নির্দেশ দেন।
বদলীর তালিকা অনুযায়ী: ওসি মো. মাহবুবুর রহমান নিকলী থানায়, পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান কিশোরগঞ্জ সদর থানায়, উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মাজেদুর রহমান করিমগঞ্জ থানায়, এসআই ছাইদুল ইসলাম ইটনা থানায়, এসআই মাসুদ রানা মিঠামইন থানায়, এএসআই শহিদুজ্জামান ইটনা থানায়, এএসআই মোস্তাক হোসেন অষ্টগ্রাম থানায় বদলি হন।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার জানান, দায়িত্বে গতি ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কটিয়াদী মডেল থানায় কর্মরত কর্মকর্তাদের অন্যত্র বদলি করা হয়েছে।
এর আগে তাদের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানে ব্যর্থতা এবং মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। কটিয়াদী-পাকুন্দিয়া (কিশোরগঞ্জ-২) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এবং স্থানীয় ছাত্র-জনতার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।
সোমবার (৩০ মার্চ) রাতে লোহাজুরী ইউনিয়নের শতাধিক ছাত্র ও যুবক পাঁচ মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করেন। সেই ঘটনায় বাদল মিয়া নামে এক ব্যক্তিকে ৪শত পিস ইয়াবাসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম শনিবার (৪ এপ্রিল) রাতে নিকলী থানার বদলীর মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের প্রথম দিনেই তিনি কটিয়াদীর মাদক সম্রাট মোঃ লিটন মিয়াকে (৪০) ইয়াবাসহ গ্রেপ্তার করেন। লিটনের বিরুদ্ধে পূর্বে ৮টি মাদক মামলা, ২টি অন্যান্য মামলা এবং ২টি সাধারণ ডায়েরী রয়েছে।
গ্রেপ্তারের সময় লিটনের সঙ্গে থাকা ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাহমুদুল ইসলাম সম্রাট (৩০) নামে আরও এক মাদক ব্যবসায়ী ১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন। লিটনের সহযোগী হিসেবে তার স্ত্রী সীমা (২৩)কেও আটক করা হয়েছে। মোট ৭৩ পিস ইয়াবাসহ এই তিন আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নতুন ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, কটিয়াদী মডেল থানা এবং জেলা পুলিশ মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
যোগদানের প্রথম দিনে বড় মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের খবরে কটিয়াদীবাসী আনন্দ প্রকাশ করেছেন এবং স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন ও নতুন পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কটিয়াদী মাদক ও জুয়ামুক্ত হবে।




