মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গড়ার আহ্বান, কুলিয়ারচরে বিএনপির স্মরণসভা

আজিজুল ইসলাম প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গড়ার আহ্বান, কুলিয়ারচরে বিএনপির স্মরণসভা

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের প্রণেতা এবং আধুনিক বাংলাদেশের অন্যতম স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেল ৩টায় কুলিয়ারচর জেলা পরিষদ অডিটোরিয়াম-কাম-কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।

কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হান্নান এবং কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অনন্য রাষ্ট্রনায়ক। স্বাধীনতার ঘোষণা, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জিয়াউর রহমান যে আদর্শ ও দর্শন রেখে গেছেন, তা আজও জাতীয় জীবনে প্রাসঙ্গিক।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাজনৈতিক দূরদর্শিতা, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান যে নেতৃত্ব দিয়েছেন, তা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন, খাল খনন কর্মসূচি, যুবসমাজকে কর্মমুখী করে তোলা এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার গৃহীত বিভিন্ন পদক্ষেপ আজও উন্নয়নের অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তৃণমূলের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হোসেনপুরের নতুন বাজার এলাকায় ইয়াবাসহ আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
হোসেনপুরের নতুন বাজার এলাকায় ইয়াবাসহ আটক এক ব্যক্তি

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পুলিশের অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাজহারুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার নতুন বাজার এলাকায় ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

হোসেনপুর থানা সূত্রে জানা গেছে, রেকর্ডপত্র যাচাই করে দেখা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোসেনপুর থানায় নতুন করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অবস্থিত শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

প্রার্থনা সভার শুরুতে শ্রী শ্রী গোপীনাথ জিউর উদ্দেশে বিশেষ পূজা-অর্চনা ও নামকীর্তন অনুষ্ঠিত হয়। পরে সমবেত ভক্তরা জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় তাঁর ব্যক্তিগত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্যও কামনা করা হয়।

অনুষ্ঠানের আয়োজক শ্রী শ্রী গোপীনাথ ও গৌর-নিতাই জিউর আখড়া পরিচালনা কমিটির নেতারা জানান, খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খান দীর্ঘদিন ধরে মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন।

প্রার্থনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মন্দিরের সেবক এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানানো হয়।

ভক্তদের বিশ্বাস ও প্রার্থনার মধ্য দিয়ে তাঁর দ্রুত সুস্থ হয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানাধীন রশীদাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. জুয়েল মিয়া (৩৮) ও মো. গোলাপ (৪৬)। পুলিশ জানিয়েছে, তারা মাদক কারবারের সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়েল মিয়ার কাছ থেকে ৩০ পিস এবং গোলাপের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জব্দ করা ইয়াবার মোট সংখ্যা ৫০ পিস।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41