অষ্টগ্রামে ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বোনের মৃত্যু, হাসপাতালে আরেক ভাই
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নে হৃদয়বিদারক এক ঘটনার জন্ম দিয়েছে একই পরিবারের পরপর দুই সদস্যের মৃত্যু। ছোট ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন বড় বোন। পরে ভাইয়ের দাফন শেষে তারও মৃত্যু হয়। এ ঘটনায় গভীর শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিবারের আরেক ভাই।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলম দিঘীরপাড় এলাকার বাসিন্দা হাবিল মিয়া (৫৩) মঙ্গলবার অষ্টগ্রাম বড় বাজারে গেলে হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাবিল মিয়ার মৃত্যু হয়।
ভাইয়ের মৃত্যুসংবাদ পেয়ে ঢাকায় বসবাসরত বড় বোন বকুলা বেগম (৫৫) গ্রামের বাড়িতে ছুটে আসেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, ভাইয়ের মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন।
বুধবার হাবিল মিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর বকুলা বেগমের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে সন্ধ্যায় তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
পরপর ভাই-বোনের মৃত্যুতে পরিবারের ওপর নেমে আসে গভীর শোকের ছায়া। এ ঘটনার ধাক্কা সামলাতে না পেরে বড় ভাই তারা মিয়া (৬২)-ও অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত হাবিল মিয়ার ভাতিজা এবং অষ্টগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন (আনা) বলেন, “আমার চাচা হাবিল মিয়া হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে ফুফু বকুলা বেগম ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েন এবং পরে তিনিও মারা যান।”
অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইয়াজ হাসান বাবু বলেন, “হাবিল মিয়া ও তার বোন বকুলা বেগম—দুজনেরই অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে।”
স্থানীয়দের ভাষ্য, একই পরিবারের পরপর দুই সদস্যের মৃত্যুতে আলম দিঘীরপাড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array