সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩১ ১৪৩২
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩১ ১৪৩২

জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের মিলনমেলা, পেশাগত অভিজ্ঞতা বিনিময়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের মিলনমেলা, পেশাগত অভিজ্ঞতা বিনিময়

কিশোরগঞ্জে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের উদ্যোগে আনন্দ আড্ডা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আহমেদ ফরিদ এবং সাধারণ সম্পাদক শরিফুল আলমের উপস্থিতিতে আয়োজিত এ আড্ডা এক পর্যায়ে মিলনমেলায় রূপ নেয়। পেশাগত ব্যস্ততার বাইরে সদস্যরা দীর্ঘ সময় ধরে পরস্পরের সঙ্গে খোশগল্প ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে সময় কাটান।

আড্ডায় অংশগ্রহণকারী সদস্যরা সমসাময়িক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে উপস্থিত সবার অংশগ্রহণে নৈশভোজের আয়োজন করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের ঘরোয়া আয়োজন করা হয়েছে। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কুলিয়ারচরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
কুলিয়ারচরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশি অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১২ এপ্রিল) বড়চারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নিকলী থানার উপপরিদর্শক (এসআই) এম নঈমুল ইসলাম মোস্তাক। তার সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে বড়চারা বাজার এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভৈরব রেলওয়ে স্টেশনে দুই চোর-ছিনতাইকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
ভৈরব রেলওয়ে স্টেশনে দুই চোর-ছিনতাইকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন—চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নওরা গ্রামের সুমন পাঠানের ছেলে মেহেদি হাসান (২৪) এবং নরসিংদী জেলার পলাশ থানাধীন চরনগরদী গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সবুজ মিয়া (২২)।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, আটককৃতরা চিহ্নিত চোর ও ছিনতাইকারী। তারা স্টেশন এলাকায় সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ও মালামাল চুরি করত। কখনও নির্জন স্থানে যাত্রীদের পেয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত বলেও অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে। আটক দুই আসামির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাক্রমে দুই মাস ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভৈরবে এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
ভৈরবে এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কিশোরগঞ্জের ভৈরবে এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ভৈরব বাজার শাখা প্রাঙ্গণে শাখা কর্তৃপক্ষের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি’র সভাপতি এবং সাপ্তাহিক ‘অবলম্বন’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাজুল ইসলাম তাজ ভৈরবী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আসাদুজ্জামান জামান, হাজী সুমন মিয়া, ইব্রাহিম খলিল, জাহাঙ্গীর হোসেন, বাছির উদ্দিন, লন্ডনপ্রবাসী সালমা বেগমসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক পিএলসি’র ভৈরব বাজার শাখার ব্যবস্থাপক শাহনূর আলম। এছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটা এবং গ্রাহকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে ব্যাংকটির দীর্ঘ পথচলা, সেবামূলক কার্যক্রম ও গ্রাহকসেবার মানের প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান সময়েও ব্যাংকটির কার্যক্রম এবং শাখা ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক আচরণ গ্রাহকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক শাহনূর আলম বলেন, “এবি ব্যাংক দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা দিয়ে গ্রাহকদের পাশে থাকতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরাও ব্যাংকের সাফল্য কামনা করেন এবং দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।