বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

কটিয়াদীতে আল্লামা মামুনুল হক

আগামীর নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয়, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের নির্বাচন

মাইনুল হক মেনু প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
আগামীর নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয়, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের নির্বাচন

কটিয়াদী গণসমাবেশে মামুনুল হক

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৫ নভেম্বর) দুপুরে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে কটিয়াদী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক রাশিদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, “আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন। এই নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয়, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের নির্বাচন। তাতে আপনারা হ্যাঁ ভোট দিবেন।”

তিনি আরও বলেন, বাংলাদেশের যেসব দেশপ্রেমিক ইসলামী দল ও রাজনৈতিক পক্ষসমূহ বাংলাদেশকে ভালোবাসে, দেশকে ফ্যাসিবাদমুক্ত দেখতে চায় এবং জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ দেখতে চায়, তাদের সবাইকে হাতে হাত রেখে জুলাই চেতনায় নতুন ঐক্য গড়ে তুলতে হবে।

গণসমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, “বাংলাদেশের অতীত ইতিহাস হচ্ছে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করার ইতিহাস। ইসলাম ক্ষমতায় গেলে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ সকল সম্প্রদায় সঠিক অধিকার পাবে। তাদের অধিকার হরণকারীদের কাছ থেকে তা পাই পাই করে আদায় করে দেওয়া হবে।”

খেলাফত মজলিশের সমাবেশে বিপুল জনসমাগম

তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। কিন্তু একশ্রেণির মানুষ চায় আবারো ফ্যাসিবাদ কায়েম করতে। বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছে—নতুন কোনো ফ্যাসিবাদের হাতে তারা স্বাধীন বাংলাদেশের মাটি ইজারা দেবে না।”

তিনি জানান, দেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে যে একক প্রার্থী ঘোষণা করা হবে তাকেই বিজয়ী করতে হবে।

গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম রুহানী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ–১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হেদায়েত উল্লাহ হাদী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ফজলুর রহমানসহ বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় নেতাকর্মী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ একাধিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

হোসেনপুরের নতুন বাজার এলাকায় ইয়াবাসহ আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
হোসেনপুরের নতুন বাজার এলাকায় ইয়াবাসহ আটক এক ব্যক্তি

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পুলিশের অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাজহারুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার নতুন বাজার এলাকায় ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

হোসেনপুর থানা সূত্রে জানা গেছে, রেকর্ডপত্র যাচাই করে দেখা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোসেনপুর থানায় নতুন করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অবস্থিত শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

প্রার্থনা সভার শুরুতে শ্রী শ্রী গোপীনাথ জিউর উদ্দেশে বিশেষ পূজা-অর্চনা ও নামকীর্তন অনুষ্ঠিত হয়। পরে সমবেত ভক্তরা জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় তাঁর ব্যক্তিগত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্যও কামনা করা হয়।

অনুষ্ঠানের আয়োজক শ্রী শ্রী গোপীনাথ ও গৌর-নিতাই জিউর আখড়া পরিচালনা কমিটির নেতারা জানান, খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খান দীর্ঘদিন ধরে মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন।

প্রার্থনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মন্দিরের সেবক এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানানো হয়।

ভক্তদের বিশ্বাস ও প্রার্থনার মধ্য দিয়ে তাঁর দ্রুত সুস্থ হয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানাধীন রশীদাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. জুয়েল মিয়া (৩৮) ও মো. গোলাপ (৪৬)। পুলিশ জানিয়েছে, তারা মাদক কারবারের সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়েল মিয়ার কাছ থেকে ৩০ পিস এবং গোলাপের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জব্দ করা ইয়াবার মোট সংখ্যা ৫০ পিস।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41