ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ২ লাখ ৯৩ হাজার ১৫৬ জন প্রবাসী বাংলাদেশি। নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট রিপোর্ট অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ২ লাখ ৭০ হাজার ৩৯৪ জন এবং নারী ২২ হাজার ৭৭৪ জন। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১টা পর্যন্ত এ তথ্য হালনাগাদ করা হয়েছে।

ইসির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এবারই প্রথমবারের মতো প্রবাসীদের জন্য আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। ব্যালট পাওয়ার পর ভোটাররা তা পূরণ করে ফের ডাকযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

প্রথমবার চালু হওয়া এই ব্যবস্থায় প্রবাসীসহ আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মচারীরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এজন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধন শুরু হয়েছে ১৯ নভেম্বর, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

নিবন্ধন চলছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, তানজানিয়া, ঘানা, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ আরও অনেক দেশে।

ইসি জানিয়েছে, এবার নির্বাচনে ৫০ লাখ প্রবাসী ভোটারকে টার্গেট করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *