মুন্সীগঞ্জ-৩: বিএনপি নেতাসহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৫ জনের বৈধ ঘোষণা
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া এক বিএনপি নেতাসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, প্রার্থী সমর্থনের তথ্য ও মামলাসংক্রান্ত বিষয় গোপন করার কারণে নয়জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর মধ্যে ১০ জন সমর্থনকারী ভোটারের সঙ্গে কথা বলার সময় একজন ভোটারকে পাওয়া না যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া মামলার তথ্য গোপন করার কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসাইন নূরানী ও বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্রে দেওয়া বিভিন্ন তথ্যে সামঞ্জস্য না থাকার কারণে সিপিবির প্রার্থী শেখ মো. কামাল হোসেনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়।
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে সর্বমোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন— বিএনপি দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান, জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান দিদার, খেলাফত মজলিস বাংলাদেশের হাজী আব্বাস কাজী এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মো. শিমুল।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানান, বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র বাতিল প্রার্থীরা আপিল করতে পারবেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array