দায়িত্ব নেওয়ার দিন থেকেই বিদায়ের প্রস্তুতি শুরুঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দায়িত্ব নেওয়ার দিন থেকেই বিদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে তারা প্রস্তুত।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাসাবোতে ধর্মরাজিকা বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যৌথভাবে এই সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে খালিদ হোসেন বলেন, দেশে একবার ক্ষমতায় গেলে তা ধরে রাখার জন্য নানা কৌশলের প্রবণতা থাকে। তবে বর্তমান দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদায়ের প্রস্তুতি শুরু করা হয়েছে। তিনি জানান, সরকারের একাধিক উপদেষ্টা ইতোমধ্যেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, তারা মানসিকভাবে প্রস্তুত রয়েছেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা ব্যক্তিদের কাছে শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর করতে। তার ভাষায়, এই প্রক্রিয়া কেবল একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই সম্পন্ন হবে।
তিনি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে ভবিষ্যতে দেশে আর স্বৈরতন্ত্রের পুনর্জন্ম হবে না এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।
ড. খালিদ হোসেন বলেন, এটি দেশের উন্নয়নের পথ সুগম করবে। তাই তিনি সকলের প্রতি আহ্বান জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে সবাই এগিয়ে আসুন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array