‘দলীয় প্রতীকের সিদ্ধান্ত সংসদে হবে’—স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত হবে সংসদের প্রথম অধিবেশনে। এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা দায়িত্ব গ্রহণ করতে সচিবালয়ে এলে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট। এখানে আমার ব্যক্তিগত মতামতের কোনো সুযোগ নেই। আমাদের দলীয় সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ীই আমরা কাজ করব।”
তিনি আরও বলেন, সিটি করপোরেশনগুলোতে এতদিন সরকারি কর্মকর্তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে রাজনৈতিক ব্যক্তিরা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলে জনগণ আরও ভালো সেবা পাবে—এমনটাই সরকারের বিশ্বাস। সে কারণেই রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে বলে তিনি মনে করেন।
আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত হবে কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “অবশ্যই।”
স্থানীয় সরকার মন্ত্রী জানান, যেসব স্থানীয় সরকারের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলো থেকেই পর্যায়ক্রমে নির্বাচন শুরু হবে। ঢাকার আগে দু-একটি সিটি করপোরেশনে নির্বাচন হওয়ার সম্ভাবনাও রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন কতদিনের মধ্যে শেষ করা হবে—এ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। ধাপে ধাপে (বাই ফেজ) নির্বাচন হবে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারের সব স্তরেই এভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে রাজনৈতিক প্রশাসকরা সরকারি কর্মকর্তাদের তুলনায় সিটি করপোরেশন পরিচালনায় বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবেন। অকার্যকর হয়ে পড়া স্থানীয় সরকারকে সচল করতেই রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত ছয় প্রশাসক জানান, মশা নিধন, যানজট নিরসন, রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ কমাতে তারা কাজ করবেন। জনগণের সেবা নিশ্চিত করাই তাদের প্রধান অঙ্গীকার। দ্রুত ফল পেতে তারা ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করবেন বলেও জানান।
উল্লেখ্য, ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এবার আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শফিকুল ইসলাম খান।
এছাড়া খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।










