বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) নির্বাচিত হয়েছেন। ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধ-এ অসামান্য সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব ‘বীর বিক্রম’-এ ভূষিত হন। তিনি তৎকালীন পাকিস্তান ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন। ১৯৬৪ সাল থেকে টানা তিনবার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে স্বীকৃতি পান। তার বাবা ডাক্তার আজহার উদ্দিন ১৯৬৩ ও ১৯৬৫ সালে দুইবার পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। সেনাবাহিনী থেকে অবসরে এসে বাবার পথ অনুসরণ করে রাজনীতিতে যোগ দেন হাফিজ উদ্দিন আহমদ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোলা-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হয়ে ১৯৮৬ ও ১৯৮৮ সালে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরশাদ পতনের পর ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ‘পান’ প্রতীক নিয়ে ভোলা-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ওই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের পরাজিত করেন তিনি।

বিজয়ের পর ১৯৯২ সালে বিএনপিতে যোগ দেন হাফিজ উদ্দিন আহমদ। ১৯৯৬ সালের ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন। খালেদা জিয়ার মন্ত্রিসভায় ষষ্ঠ জাতীয় সংসদে তিনি ১৯ মার্চ ১৯৯৬ থেকে ২৯ মার্চ ১৯৯৬ পর্যন্ত বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদে খালেদা জিয়ার তৃতীয় মন্ত্রিসভায় তিনি ১১ অক্টোবর ২০০১ থেকে ২২ মে ২০০৩ পর্যন্ত পাটমন্ত্রী এবং ২২ মে ২০০৩ থেকে ২৯ অক্টোবর ২০০৬ পর্যন্ত পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ বিভিন্ন সময়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর লালমোহন-তজুমদ্দিন এলাকায় বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৮১ বছর বয়সী হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করছেন।


‘দৈনিক কিশোরগঞ্জ’ অনলাইনে ভিডিও প্রকাশ

হোসেনপুরে খাস জমিতে ভবন নির্মাণে নড়েচড়ে বসেছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
হোসেনপুরে খাস জমিতে ভবন নির্মাণে নড়েচড়ে বসেছে প্রশাসন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর বাজার হাজীঘাট এলাকায় নরসুন্দা নদীর তীরে সরকারি খাস জমি ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সেখানে আগে একটি ঘাট এবং পানি নিষ্কাশনের একটি কালভার্ট ছিল। অভিযোগ রয়েছে, কালভার্টটি ভরাট করে ভবন নির্মাণের চেষ্টা করছেন শাহেদল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান স্বপন।

এ বিষয়ে ‘দৈনিক কিশোরগঞ্জ অনলাইন’-এ ‘কেউ কি দেখে না, নাকি দেখেও নীরব?’ শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, খাস জমিতে স্থাপনা নির্মাণ এবং নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি সংক্রান্ত বিষয়টি তার নজরে রয়েছে। এ বিষয়ে কাগজপত্র যাচাই ও ঘটনাস্থল পরিদর্শনের জন্য সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশনা দেওয়া হয়েছে।

সকাল ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং একই দিন ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরে দুপুর ১২টার আগেই সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শনে যান বলে জানা গেছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, স্থাপনা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষকে তাদের কাগজপত্রসহ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো ধরনের নির্মাণকাজ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান স্বপনের সঙ্গে সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যাওয়ার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

বাজিতপুরে এনসিপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
বাজিতপুরে এনসিপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাজিতপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক রাহাগীর আলম মান্না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, বাজিতপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফজল হোসেন, বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন বাদল এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাজিতপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মাওলানা শফিকুল ইসলাম।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

হোসেনপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
হোসেনপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও হোসেনপুর পৌরসভার প্রশাসক মোহসী মাসনাদ।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাইছমা এলাকায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অমান্য করে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পুমদী ইউনিয়নের পাইকুডা বিল এলাকায় অভিযান চালিয়ে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন। প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয় সচেতন মহলে স্বস্তি প্রকাশ পেয়েছে।