বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২

প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে ইউনূস, জুবায়দা ও জাইমাসহ বিশিষ্টজনরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে ইউনূস, জুবায়দা ও জাইমাসহ বিশিষ্টজনরা

©আমাদের বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর স্ত্রী জুবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমান সহ নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের দেখা গেছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশন শুরু হয়। ড. খন্দকার মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন। এতে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই সংসদ ভবনে তাদের প্রবেশ করতে দেখা যায়।

প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত রয়েছেন।

দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান ছাড়াও নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যরা শপথ নেন।

সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। নির্বাচনের ফল প্রকাশের প্রায় এক মাসের মাথায় আজ বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

‘দৈনিক কিশোরগঞ্জ’ অনলাইনে ভিডিও প্রকাশ

হোসেনপুরে খাস জমিতে ভবন নির্মাণে নড়েচড়ে বসেছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
হোসেনপুরে খাস জমিতে ভবন নির্মাণে নড়েচড়ে বসেছে প্রশাসন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর বাজার হাজীঘাট এলাকায় নরসুন্দা নদীর তীরে সরকারি খাস জমি ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সেখানে আগে একটি ঘাট এবং পানি নিষ্কাশনের একটি কালভার্ট ছিল। অভিযোগ রয়েছে, কালভার্টটি ভরাট করে ভবন নির্মাণের চেষ্টা করছেন শাহেদল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান স্বপন।

এ বিষয়ে ‘দৈনিক কিশোরগঞ্জ অনলাইন’-এ ‘কেউ কি দেখে না, নাকি দেখেও নীরব?’ শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, খাস জমিতে স্থাপনা নির্মাণ এবং নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি সংক্রান্ত বিষয়টি তার নজরে রয়েছে। এ বিষয়ে কাগজপত্র যাচাই ও ঘটনাস্থল পরিদর্শনের জন্য সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশনা দেওয়া হয়েছে।

সকাল ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং একই দিন ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরে দুপুর ১২টার আগেই সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শনে যান বলে জানা গেছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, স্থাপনা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষকে তাদের কাগজপত্রসহ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো ধরনের নির্মাণকাজ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান স্বপনের সঙ্গে সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যাওয়ার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

বাজিতপুরে এনসিপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
বাজিতপুরে এনসিপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাজিতপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক রাহাগীর আলম মান্না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, বাজিতপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফজল হোসেন, বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন বাদল এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাজিতপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মাওলানা শফিকুল ইসলাম।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

হোসেনপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
হোসেনপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও হোসেনপুর পৌরসভার প্রশাসক মোহসী মাসনাদ।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাইছমা এলাকায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অমান্য করে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পুমদী ইউনিয়নের পাইকুডা বিল এলাকায় অভিযান চালিয়ে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন। প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয় সচেতন মহলে স্বস্তি প্রকাশ পেয়েছে।