হোসেনপুরে স্বর্ণের দোকানে চুরি, ৩৫ ভরি রুপাসহ নগদ টাকা লুট
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর সদর বাজারের স্বর্ণপট্টিতে অবস্থিত লাকি স্বর্ণ শিল্পালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানটিতে হানা দিয়ে মূল্যবান অলংকার ও নগদ টাকা নিয়ে পালিয়েছে।
দোকানের কর্মকার বাদল মীর জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে একদল দুর্বৃত্ত দোকানের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা প্রায় ৩৫ ভরি রুপাসহ অলংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়। চুরির পর দোকানের পেছনের দরজা খুলে বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায় চোরেরা।
পরে সকালে দোকানের মালিক শহিদ মীর দোকান খুলে ড্রয়ার ভাঙা এবং মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।
দোকানের কর্মকাররা জানান, দোকানের মূল ভল্টে থাকা গহনায় চোরেরা হাত দিতে পারেনি। ভেতরের কক্ষের দরজা ভাঙতে না পারায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তা না হলে ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত বলে জানান তারা।
স্বর্ণের দোকানের মালিক শহিদ মীর পৌর সদরের হাসপাতালসংলগ্ন ঢেকিয়া এলাকার বাসিন্দা। তিনি মৃত হাফিজ উদ্দিন মীরের ছেলে।







