মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাপান যুবদলের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনটির গৌরবময় ইতিহাস, সাংগঠনিক ঐক্য এবং আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা।

অনুষ্ঠানটির আয়োজন করেন রাজিব জামান, মাইনুল ইসলাম সোহেল, নজরুল ইসলাম রিজভী, গিয়াস উদ্দিন রনি ও বাবলু জিয়া মৃধা।

এতে আরও উপস্থিত ছিলেন জাপান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুদ্র, কানসাই বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক খন্দকার এবং যুবদল নেতা এস এম ইমরান হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস ও আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আলোচনা শেষে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ, দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভৈরবে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
ভৈরবে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কিশোরগঞ্জের ভৈরবে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় (ঢাকা)। ৯ নভেম্বর মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের শেরুলবাগ (মাজর গ্রাম) এলাকার মৃত আবদুর রহিমের ছেলে মো. সানুহর আলী (৩৭) ও তাঁর স্ত্রী মারজানা বেগম (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় (ঢাকা)-এর পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে অধিদপ্তরের একটি অভিযানিক দল ৯ নভেম্বর মধ্যরাতে ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে কিশোরগঞ্জগামী ‘ইউনাইটেড’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪১৫৯) সেখানে পৌঁছালে গোয়েন্দা দল বাসটির গতিরোধ করে। পরে বাসের ভেতরে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই দম্পতিকে আটক করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের তল্লাশি করে একটি সিনথেটিক ব্যাগে বিশেষভাবে পলিথিনে মোড়ানো ১ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কারবারে ব্যবহারের অভিযোগে তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

তুরস্কে কপ-৩১ ঘিরে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
তুরস্কে কপ-৩১ ঘিরে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ও সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, এসব বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলেও উল্লেখ করেন তিনি।

সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

 

২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য অতিরিক্ত ৫ হাজার কোটা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য অতিরিক্ত ৫ হাজার কোটা বরাদ্দ

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দিয়েছে।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। পরে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি স্বাক্ষর শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেন। এর ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

দ্বিপক্ষীয় বৈঠকে হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও কোটা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসে।

তবে অন্য কোনো দেশ তাদের বরাদ্দ করা কোটা পূরণ করতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই অতিরিক্ত কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

ধর্মমন্ত্রী জানান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের প্রতি আন্তরিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। নতুন চুক্তির ফলে আগামী বছর হজযাত্রীর সংখ্যা আরও বাড়ার সুযোগ তৈরি হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ও সৌদি আরবের রাষ্ট্রদূত এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।