সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ ১৪৩২

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান যুব আন্দোলন–এনডিএম-এর

রেজাউল হক প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
আগুন সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান যুব আন্দোলন–এনডিএম-এর

আজ এক জরুরি বিবৃতিতে যুব আন্দোলন–এনডিএম-এর সভাপতি আদনান সানি বলেন,
“দেশ যখন রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারায় ফিরে আসার পথে, ঠিক তখনই স্বৈরাচার আওয়ামী শাসনের দোসররা পুনরায় আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা চায় জাতির অগ্রযাত্রাকে থামিয়ে দিতে, যাতে তরুণ প্রজন্ম আবার হতাশায় নিমজ্জিত হয়।”

তিনি আরও বলেন, “এই আগুন সন্ত্রাস কোনো রাজনৈতিক আন্দোলনের অংশ নয়, এটি একটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, যার লক্ষ্য জনগণের নিরাপত্তা নষ্ট করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। আমরা দাবি করছি— এসব নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।”

আদনান সানি বলেন, “যুব আন্দোলন–এনডিএম দৃঢ়ভাবে বিশ্বাস করে, বাংলাদেশের তরুণ প্রজন্ম কোনো সহিংসতা বা ভয়ভীতি নয়, বরং উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতার রাজনীতি চায়। আমরা জনগণকে আহ্বান জানাই— বিভ্রান্তিমূলক প্রচারণা বা আগুন সন্ত্রাসের উস্কানিতে না জড়িয়ে শান্তি ও শৃঙ্খলার পক্ষে ঐক্যবদ্ধ থাকুন।”

বিবৃতির শেষে তিনি বলেন,
“যে হাত একদিন ক্ষমতায় থেকে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছিল, তারা আজও সেই পুরোনো নীতি ধরে রেখেছে। কিন্তু এবার তরুণ প্রজন্মের জাগরণই হবে তাদের আগুন রাজনীতির চূড়ান্ত পরিসমাপ্তি।”

কিশোরগঞ্জের কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জের কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল ও পলাতক আসামি মো. কাউছার (২১) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃত কাউছারের বাড়ি কিশোরগঞ্জ জেলাতে।  শনিবার(১৪ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৫ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে র‍্যাব-১৪–এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, মো. কাউছারের সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একটি বাসা ভাড়া নেন। সেখানে অবস্থানকালে গত বছরের ২০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে কাউছার।

ঘটনার পর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে কিশোরগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করা হয়।

মামলা দায়েরের পর থেকেই আসামি কাউছার এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

দীর্ঘ তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টা ৫ মিনিটে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালায়। এ সময় র‍্যাব-১ উত্তরা, ঢাকার সার্বিক সহায়তায় পলাতক আসামি কাউছারকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ ক্যাম্প কমান্ডার মো. শাহজাহান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইটনায় পানিভর্তি গর্তে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ণ
ইটনায় পানিভর্তি গর্তে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাড়ির সামনে খেলতে গিয়ে পানিভর্তি একটি গর্তে ডুবে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার(১৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নর খালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অর্ণব (৪) ওই গ্রামের বাসিন্দা শ্রাবণ মিয়ার ছেলে।

স্বজনরা জানান, ঘটনার সময় অর্ণবের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। অর্ণব বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে একপর্যায়ে সে সবার অজান্তে বাড়ির সামনে থাকা পানিভর্তি একটি গর্তে পড়ে যায়।

কিছু সময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির সামনের গর্তের পানিতে অর্ণবকে ডুবন্ত অবস্থায় দেখতে পান তারা।

তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইলে ‘মানব সেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

ওয়াসিম সোহাগ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
তাড়াইলে ‘মানব সেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার প্রাণকেন্দ্রে ‘মানব সেবায় আমরা’ সংগঠনের উদ্যোগে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তাড়াইল উপজেলায় দায়িত্ব গ্রহণের পর এ ধরনের মানবিক ইফতার আয়োজন এর আগে দেখিনি। এ ধরনের মানবিক কাজে যারা সম্পৃক্ত রয়েছেন, তাদের জন্য শুভকামনা রইল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘মানব সেবায় আমরা’ সংগঠনের সভাপতি জাকিরুল ইসলাম বাকি, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন হেকিমসহ এলাকার সচেতন ব্যক্তিবর্গ ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

পবিত্র রমজান মাসের মাহাত্ম্যকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই আয়োজন করা হয়। আয়োজকরা জানান, মানবিক মূল্যবোধ, সচেতনতা ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকাই তাদের মূল লক্ষ্য।

এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা তাড়াইল উপজেলার বিভিন্ন অলিগলিতে ঘুরে ঘুরে ইফতার সামগ্রী বিতরণ করেন।