সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৬ ১৪৩২
সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৬ ১৪৩২

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল: ভারতের সামনে ইতিহাস, চ্যালেঞ্জে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল: ভারতের সামনে ইতিহাস, চ্যালেঞ্জে নিউজিল্যান্ড

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রবিবার আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। তিন বছর আগে এই মাঠেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত ভুলে নতুন ইতিহাস গড়ার হাতছানি এখন রোহিত শর্মাদের সামনে।

আজ জিততে পারলে প্রথম দল হিসেবে তিনটি টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পাশাপাশি টানা দুই আসরে শিরোপা ধরে রাখার অনন্য রেকর্ড গড়বে আয়োজক ভারত।

সুপার এইট পর্বে এই মাঠেই দক্ষিণ আফ্রিকার কাছে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল ভারতের। সেই স্মৃতি কাটিয়ে উঠতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবার বেশ সতর্ক অবস্থান নিয়েছে। এমনকি ফাইনালের আগে খেলোয়াড়দের টিম হোটেলও পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।

তবে মাঠের লড়াইয়ে মূল নজর থাকবে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দ্বৈরথে, যা নির্ধারণ করে দিতে পারে শিরোপার ভাগ্য।

নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেনকে থামানোর বড় চ্যালেঞ্জ থাকবে ভারতের প্রধান পেসার যশপ্রীত বুমরার কাঁধে। সেমিফাইনালে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করা অ্যালেন পাওয়ারপ্লেতে বোলারদের ওপর চড়াও হতে পছন্দ করেন। অন্যদিকে বুমরার বিষাক্ত ইয়র্কার ও নিয়ন্ত্রিত বোলিং কিউই ব্যাটারদের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে।

ভারতের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ সঞ্জু স্যামসন বর্তমানে দারুণ ফর্মে থাকলেও তার সামনে বড় বাধা হতে পারেন পেসার ম্যাট হেনরি। টুর্নামেন্টের শুরুতে অনিয়মিত থাকলেও শেষ দুই ম্যাচে ৯৭ ও ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন স্যামসন। তবে পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের আগের সিরিজে হেনরি দুবার স্যামসনকে আউট করেছিলেন, যা ভারতীয় শিবিরে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে।

মাঝের ওভারগুলোতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের লড়াইটি হতে পারে কৌশলগত। বাঁহাতি স্পিনের বিপক্ষে সূর্যকুমারের কিছুটা দুর্বলতা রয়েছে এবং স্যান্টনার এর আগে তিনবার তাকে সাজঘরে ফিরিয়েছেন। এই আসরে নিজের চেনা ছন্দে ফিরতে মরিয়া সূর্যকুমারের ব্যাটিং আজ ভারতের বড় সংগ্রহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে সবচেয়ে ধারাবাহিক টিম সাইফার্টকে আটকানোর দায়িত্ব থাকবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ওপর। সাত ইনিংসে তিনটি ফিফটি করা সাইফার্ট ১৬১ দশমিক ১৭ স্ট্রাইক রেটে রান তুলে প্রতিপক্ষ বোলারদের চাপে রেখেছেন। বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে পরিচিত হার্দিকের স্লোয়ার ও শর্ট–পিচ বল সাইফার্টের আক্রমণাত্মক ব্যাটিং রুখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সৌদি-আরবে ইরানের মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়া

“আমার তিন এতিম সন্তানের এখন কী হবে গো আল্লাহ”- নিহতের স্ত্রী

মাইনুল হক মেনু প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
“আমার তিন এতিম সন্তানের এখন কী হবে গো আল্লাহ”- নিহতের স্ত্রী

নিহতের বাড়িতে খোঁজ নিতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা

সৌদি আরবে মিসাইল হামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাচ্চু মিয়া (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) সৌদি স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরে ‘আল তোয়াইক বলদিয়া’ কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। এতে বাচ্চু মিয়াসহ দুই বাংলাদেশি নিহত এবং আরও ১২ জন আহত হন।

নিহত বাচ্চু মিয়া কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের মৃত রইস উদ্দিনের মেঝো ছেলে। অপর নিহত ব্যক্তির বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বলে জানা গেছে। শ্রমিক ক্যাম্পটির কাছাকাছি একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত বাচ্চু মিয়া এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।

সোমবার(৯ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহতের বাড়িতে শোকাহত এলাকাবাসীর ভিড়। জরাজীর্ণ একটি ঘরে বসে বিলাপ করছিলেন তার স্ত্রী জোছনা আক্তার। তিনি কাঁদতে কাঁদতে বলেন, “আমাদের সংসারের একমাত্র আলোটা নিভে গেছে গো। আমার তিন এতিম ছেলেমেয়ের এখন কী হবে গো আল্লাহ!”

অভাবের তাড়নায় সংসারে সচ্ছলতা আনতে প্রায় পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান বাচ্চু মিয়া। কিন্তু এতদিনেও পরিবারের আর্থিক অবস্থার তেমন উন্নতি করতে পারেননি তিনি। ভাঙাচোরা ঘরে তিন সন্তানকে নিয়ে বসবাস করছেন তার স্ত্রী। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম সবুজ ও মোবারক হোসেন বলেন, “তারা খুবই হতদরিদ্র। পরিবার ও ছেলেমেয়েদের দায়িত্ব নিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।”

কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, “কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বিষয়টি নিয়ে সার্বিক খোঁজখবর রাখছেন। দলের পক্ষ থেকে আমরা নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছি এবং তাদের পাশে আছি।”

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের বাড়িতে গিয়ে সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে এবং প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে। পরিবারটি খুবই দরিদ্র। পর্যায়ক্রমে আরও সহায়তা দিয়ে সরকার তাদের পাশে থাকবে।”

বাজিতপুরে সাংবাদিকদের সম্মানে মেয়র প্রার্থী ওয়াজ ভুঁইয়ার ইফতার ও দোয়া মাহফিল

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ
বাজিতপুরে সাংবাদিকদের সম্মানে মেয়র প্রার্থী ওয়াজ ভুঁইয়ার ইফতার ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বাজিতপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ মো. ওয়াজ ভুঁইয়া।

রোববার (৮ মার্চ) বাজিতপুর পৌর শহরের ভাগলপুর এলাকার ‘রেপ অ্যান্ড রোল’ রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার নাসরুল আনোয়ার, বাজিতপুর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ মানিক, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি শেখ জসিম উদ্দিন, সহ-সভাপতি হোসেন মাহবুবুর কামাল, অর্থ সম্পাদক আব্দুল সলিম, সাংগঠনিক সম্পাদক এফনারুল ইসলাম সেতু, বাংলাদেশ বুলেটিনের বাজিতপুর প্রতিনিধি মহির উদ্দিন লিটন, দৈনিক কালবেলার প্রতিনিধি লিয়াকত আলী নান্টু, সাতকাহন পত্রিকার সম্পাদক জহিরুল ইসলাম কাজল এবং রিপোর্টার্স ক্লাবের সদস্য আবদুর রহমান, বদরুল রহমান, আশরাফুল আলম, মুস্তাকিন, জাহাঙ্গীর, আলামিন ও মীর জামালসহ আরও অনেকে।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় আলহাজ মো. ওয়াজ ভুঁইয়া উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, তিনি আগামী বাজিতপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছেন। এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, “বাজিতপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, উন্নত ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করাই আমার লক্ষ্য। এ লক্ষ্যে আমি সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই।”


সরারচরে কৃষক-কিশানীদের মাঝে সবজি ও ফলের চারা, পুষ্টি পঞ্জিকা ও পুষ্টি প্লেট বিতরণ

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
সরারচরে কৃষক-কিশানীদের মাঝে সবজি ও ফলের চারা, পুষ্টি পঞ্জিকা ও পুষ্টি প্লেট বিতরণ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর সরারচর এলাকায় কৃষক-কিশানীদের মাঝে সবজি ও ফলের চারা, পুষ্টি পঞ্জিকা ও পুষ্টি প্লেট বিতরণ করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেল ২টায় উত্তর সরারচর বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাদিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শফিউল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল বাশার এবং বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বাজিতপুর উপজেলা প্রতিনিধি সাব্বির আহমদ মানিকসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে ২০ জন কৃষক-কিশানীর মাঝে প্রতিজনকে দুটি করে ফলের চারা, পাঁচটি সবজির বীজের প্যাকেট, একটি পুষ্টি প্লেট, একটি পুষ্টি পঞ্জিকা বই এবং সূর্যমুখী বীজ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, “সরকারের উদ্যোগে বাড়ির আঙিনা ও পতিত জমিতে বিষমুক্ত সবজি ও দেশি ফলের পুষ্টি বাগান গড়ে তোলা হলে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে। বাজারের সবজিতে অনেক সময় স্বাস্থ্যঝুঁকি থাকতে পারে, কিন্তু নিজেরা সবজি উৎপাদন করলে সেই ঝুঁকি থাকে না। তাই সবাইকে বাড়ির আঙিনায় পুষ্টি বাগান গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।”

উঠান বৈঠকে অংশগ্রহণকারী কৃষক-কিশানীরা নিজ নিজ বাড়ির আঙিনায় সবজি ও ফলের বাগান করার ব্যাপারে উৎসাহ ও আগ্রহ প্রকাশ করেন।