বুধবার, ৪ মার্চ ২০২৬, ২১ ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২১ ১৪৩২

কৃষি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে আবারও দেশের সেরা গাজীপুর

মাজহারুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কৃষি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে আবারও দেশের সেরা গাজীপুর

গৌরব ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অর্জন করেছে। যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ গাকৃবি বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।

 

প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, গবেষণার মানদণ্ডে গাকৃবি বৈশ্বিক পর্যায়ে ৪৬১তম এবং সার্বিকভাবে ৮০১–১০০০তম অবস্থানে রয়েছে—যা বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

 

টিএইচই কর্তৃপক্ষ পাঁচটি মূল মানদণ্ড—শিক্ষাদান, গবেষণা, শিল্প-সম্পৃক্ততা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও গবেষণার গুণগত মান—এর ভিত্তিতে বিশ্বজুড়ে ১১৫টি দেশের ২১৯১টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেছে। এর মধ্যে বাংলাদেশ থেকে স্থান পেয়েছে ১৯টি বিশ্ববিদ্যালয়, যার মধ্যে গাকৃবি সব সূচকে সর্বোচ্চ স্কোর অর্জন করে শীর্ষে অবস্থান নিয়েছে।

 

এর আগে ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‍্যাঙ্কিং, ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ও এশিয়া র‍্যাঙ্কিংয়েও জাতীয়ভাবে প্রথম স্থান দখল করেছিল গাকৃবি। পাশাপাশি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ফর ইনোভেশন (WURI) ২০২৫-এ প্রযুক্তি ও উদ্ভাবনে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায় প্রতিষ্ঠানটি, অবস্থান ৭৭তম।

 

গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন,

“এই অর্জন কেবল আমাদের বিশ্ববিদ্যালয়ের নয়, এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এক ঐতিহাসিক স্বীকৃতি। আমরা দেখাতে পেরেছি—পরিকল্পিত উদ্যোগ ও গবেষণাভিত্তিক শিক্ষার মাধ্যমে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় বাংলাদেশেও গড়ে তোলা সম্ভব।”

চৌদ্দশত ইউনিয়নে বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণে ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
চৌদ্দশত ইউনিয়নে বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণে ইফতার আয়োজন

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মতলবপুর গ্রামে সোমবার (২ মার্চ) ব্যবসায়ী খোকনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীন, চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. জুয়েল মিয়া। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ঢাবিতে ‘চন্দ্রাবতী’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি তনয়–সম্পাদক চিন্ময়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
ঢাবিতে ‘চন্দ্রাবতী’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি তনয়–সম্পাদক চিন্ময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ সদর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চন্দ্রাবতী’-এর নতুন কার্যনির্বাহী কমিটি সোমবার (২ মার্চ) ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্র ঐক্য পরিষদ ‘চন্দ্রাবতী’র সভাপতি মিশকাতুল আরেফিন ও সাধারণ সম্পাদক সাব্বির আলম সাকির স্বাক্ষরিত অনুমোদনপত্রে নতুন কমিটি অনুমোদিত হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাখাওয়াত তনয় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চিন্ময় রায়। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হামীম আহমেদ, সানজিদা ঐশী, তাসনিয়া অর্ণা ও কানিজ ফাতেমা সেতু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আরমান ইমন, হৃদয় রায়, মেহরাব হোসেন মৃদুল, রিফাইয়াত সুলতানা জেমি, সাদিয়া আক্তার উর্মি ও আতাহারুল ইসলাম মাহী। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজিদ ইউসুফ।

সংগঠন সূত্র জানায়, ‘চন্দ্রাবতী’ দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ সদর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম, ইফতার মাহফিল, BBQ, শিক্ষা বৃত্তি, সেমিনার ও শিক্ষাসফর আয়োজনের মাধ্যমে সংযোগ ও সম্প্রীতি বৃদ্ধি করে আসছে। সভাপতি এবং সাধারণ সম্পাদক উভয়ই গুরুদয়াল কলেজ ও আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

নবনির্বাচিত সভাপতি সাখাওয়াত তনয় বলেন, “দায়িত্ব আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটি আমানত। সততা ও নিষ্ঠার সাথে এই আমানত রক্ষায় সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশী। শিক্ষার্থীদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সংযোগ বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করব। সকলকে সঙ্গে নিয়ে একটি সক্রিয় ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।”

সাধারণ সম্পাদক চিন্ময় রায় বলেন, “সংগঠনের ঐতিহ্য ও মূল্যবোধ সমুন্নত রেখে নতুন শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং কার্যক্রমের পরিধি বাড়ানোই আমাদের লক্ষ্য। সমন্বিত উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করা হবে।”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘চন্দ্রাবতী’ আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটির মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা ব্যক্ত করেছে।

কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে চার মাসের শিশুর মরদেহ উদ্ধার

কুলিয়ারচর প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে চার মাসের শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি কাঁঠালতলা গ্রামে নিখোঁজের ২৬ দিন পর চার মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাড়ির পেছনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শিশুটির দাদা ভেতরে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত শিশু আশরাফুল দাড়িয়াকান্দি কাঁঠালতলা গ্রামের শাহিন মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে খাওয়ানোর পর ঘরের ভেতরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির পাশেই ঝাড়ু দিতে যান। কিছু সময় পর সাত বছর বয়সী বড় ছেলে ঘরে এসে জানায়, দোলনায় তার ছোট ভাই নেই। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘর, আঙিনা ও আশপাশের এলাকা খুঁজেও শিশুটির কোনো সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানানো হয়।

এক প্রতিবেশী দাবি করেন, বোরকা পরিহিত তিন নারীকে দ্রুত এলাকা ত্যাগ করতে দেখা গেছে এবং তাদের একজনের কোলে একটি শিশু ছিল। এ বক্তব্য ছড়িয়ে পড়লে এলাকায় শিশু চুরির গুঞ্জন সৃষ্টি হয়। স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও দীর্ঘ ২৬ দিনেও শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি।

শিশুটির দাদি অভিযোগ করেন, তাঁর ছোট ছেলের স্ত্রী রুপা আক্তার দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে বিরূপ আচরণ করে আসছিলেন এবং বিভিন্ন সময় হুমকি দিতেন। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, নিখোঁজের পর থেকেই ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছিল। মরদেহ উদ্ধারের পর তদন্তে নতুন মাত্রা যুক্ত হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে রুপা আক্তার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পারিবারিক বিরোধ, সম্ভাব্য হত্যাকাণ্ড বা অন্য কোনো সংশ্লিষ্টতা—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।