কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরোজপুর বাজারে গভীর রাতে একটি সরকারি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ও গানপাউডার ব্যবহার করে বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে বাসটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং পরে তিনজনকে গ্রেপ্তারের ঘটনাও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর বাজারে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুটি সরকারি বিআরটিসি বাস রাখা হয়। এর মধ্যে ঢাকা মেট্রো-ব-১১-৫১৮৪ নম্বরের বাসটি রফিকুল ইসলাম মহিলা কলেজের শিক্ষার্থীরা ভৈরবে যাতায়াতের কাজে ব্যবহার করেন। অপর বাসটি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। অগ্নিসংযোগের শিকার বাসটি শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে, বাসে অগ্নিসংযোগের ঘটনার আগের দিন সোমবার (৯ নভেম্বর) দুপুরে সরারচর-পিরোজপুর সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের করার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে জানা গেছে, মিছিলটির ব্যানারে মালয়েশিয়া প্রবাসী কমল চন্দ্র দাসের নাম ছিল এবং তিনি মিছিলের অর্থদাতা ছিলেন বলে দাবি করা হচ্ছে। তবে মিছিলের অর্থায়ন এবং বাসে অগ্নিসংযোগের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাসে আগুন দেওয়ার ঘটনায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম লিটু আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে অভিযোগ করেন। তিনি বলেন, রাত আড়াইটার দিকে পিরোজপুর বাজারে সরকারি বাসে আগুন দিয়ে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মাহবুব আলম লিটু আরও জানান, ঘটনার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকেল ৪টায় পিরোজপুর বাজারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে, আগের দিন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হিলচিয়া এলাকার যুবলীগ নেতা মাহবুব কামাল, দরি ঘাগটিয়া এলাকার আঙ্গুর এবং পুরানগাঁও এলাকার যুবলীগ নেতা বাতেনের ছেলে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পূর্ণ পরিচয় ও গ্রেপ্তারের বিস্তারিত তথ্য পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, বিআরটিসির বাসে অগ্নিসংযোগের ঘটনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণকারীদের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মিছিলে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন মহল।
Disqus comments are not configured yet.