মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

১৩১ কোটি টাকার তহবিল, তবু অবকাঠামো সংকট; পাগলা মসজিদে স্থায়ী কমিটির দাবি

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
১৩১ কোটি টাকার তহবিল, তবু অবকাঠামো সংকট; পাগলা মসজিদে স্থায়ী কমিটির দাবি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। ধর্মপ্রাণ মানুষের কাছে এটি শুধু একটি ইবাদতখানা নয়, ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ নিদর্শন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মুসল্লি ও দর্শনার্থী আসেন মসজিদটিতে। এর তহবিলে জমা রয়েছে ১৩১ কোটি ৪১ লাখ টাকারও বেশি অর্থ। রয়েছে তুরস্কের স্থাপত্যশৈলীর আদলে দৃষ্টিনন্দন ১০ তলা আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও। কিন্তু বিপুল অর্থের তহবিল ও উন্নয়নের সম্ভাবনা থাকা সত্ত্বেও মসজিদের ব্যবস্থাপনা, অবকাঠামোগত সংকট এবং স্থায়ী পরিচালনা কমিটি গঠন নিয়ে প্রশ্ন উঠেছে।

দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে পাগলা মসজিদ। এতে প্রশাসনিক জটিলতা ও জবাবদিহির ঘাটতি তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর। তাঁদের দাবি, গুরুত্বপূর্ণ এই ধর্মীয় প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা, স্বচ্ছতা এবং উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ স্থায়ী পরিচালনা কমিটি গঠন করতে হবে।

সম্প্রতি কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলের সঙ্গে সাক্ষাৎ করেন স্থানীয় মুরুব্বি ও মুসল্লিদের একটি প্রতিনিধিদল। এ সময় তাঁরা মসজিদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রতিনিধিদলের সদস্যদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে অ্যাডহক কমিটির মাধ্যমে মসজিদ পরিচালিত হলেও স্থায়ী কমিটি গঠনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।

মুসল্লিদের ভাষ্য, সাধারণত স্বল্প সময়ের জন্য অ্যাডহক কমিটি গঠন করা হলেও দীর্ঘদিন ধরে একই ব্যবস্থায় প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় জবাবদিহি ও নিয়মিত তদারকির ঘাটতি তৈরি হচ্ছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা রাষ্ট্রীয় নানা কাজে ব্যস্ত থাকায় মসজিদের দৈনন্দিন ব্যবস্থাপনায় পর্যাপ্ত সময় দিতে পারছেন না বলেও অভিযোগ তাঁদের।

প্রতিনিধিদলের সদস্যরা আরও জানান, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও তাঁরা পর্যাপ্ত সময় পাননি। পাশাপাশি মসজিদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যদের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

বিশেষ করে নারী মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, জোহর, আসর ও মাগরিবের নামাজের সময় নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। দায়িত্ব পালনের সময় কিছু আনসার সদস্যের অসচেতনতা ও মোবাইল ফোন ব্যবহারের কারণেও নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে বলে দাবি করেন তাঁরা।

মসজিদ পরিচালনা কমিটিতে স্থানীয় নিয়মিত মুসল্লি, অভিজ্ঞ মুরুব্বি ও দায়িত্বশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার দাবিও জানান প্রতিনিধিদলের সদস্যরা। তাঁদের মতে, যাঁরা দীর্ঘদিন ধরে মসজিদের সঙ্গে সম্পৃক্ত এবং এর পবিত্রতা ও সুনাম রক্ষায় আন্তরিক, পরিচালনা ব্যবস্থায় তাঁদের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

মুসল্লিদের অভিযোগ ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। তিনি পাগলা মসজিদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘পাগলা মসজিদ কিশোরগঞ্জের প্রাণের স্পন্দন। সারা দেশের মানুষের কাছেও এটি অত্যন্ত পরিচিত একটি ধর্মীয় প্রতিষ্ঠান। অ্যাডহক কমিটি সাধারণত স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করে। অথচ এখানে দীর্ঘদিন ধরে এ ব্যবস্থা চলমান থাকা দুঃখজনক। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেব এবং স্থায়ী কমিটি গঠনের ব্যবস্থা করব।’

জেলা পরিষদ প্রশাসকের এই আশ্বাসের পর দ্রুত বাস্তব পদক্ষেপ দেখতে চান স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, স্থায়ী কমিটি গঠনের মাধ্যমে মসজিদের পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মিত তদারকি নিশ্চিত হবে।

অন্যদিকে, পাগলা মসজিদে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম হলেও তাঁদের প্রয়োজন অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে নামাজের জায়গার সংকট প্রকট হয়ে উঠেছে। অনেক মুসল্লিকে রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা জায়গায় নামাজ আদায় করতে হয়।

এ ছাড়া পর্যাপ্ত অজুখানা, শৌচাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় নারী-পুরুষ মুসল্লি এবং দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ দিনগুলোতে মানুষের সমাগম বেড়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

স্থানীয়দের মতে, মসজিদের বর্তমান অবকাঠামো ও ব্যবস্থাপনা দিয়ে ক্রমবর্ধমান মুসল্লি ও দর্শনার্থীদের চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে পরিকল্পিত সম্প্রসারণ, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।

পাগলা মসজিদের তহবিলে বর্তমানে ১৩১ কোটি ৪১ লাখ টাকারও বেশি অর্থ জমা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিপুল এই অর্থের যথাযথ ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক ব্যবহারের বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে আগ্রহ রয়েছে। তাঁদের প্রত্যাশা, তহবিলের অর্থ পরিকল্পিতভাবে ব্যবহার করে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন ও মুসল্লিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

গত ১০ আগস্ট ২০২৫ তারিখে তৎকালীন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স পরিদর্শন করেন। ওই সময় তিনি তুরস্কের স্থাপত্যশৈলীর আদলে পাগলা মসজিদ ওয়াক্‌ফ এস্টেটে দৃষ্টিনন্দন ১০ তলা মাল্টিপারপাস ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানান।

পরিকল্পিত এই কমপ্লেক্স বাস্তবায়িত হলে মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মুসল্লিদের নামাজের স্থান, অজু ও পার্কিংসহ বিভিন্ন নাগরিক সুবিধা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। তবে পরিকল্পনাটির বাস্তবায়ন, অর্থায়ন ও নির্মাণকাজের অগ্রগতি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রত্যাশার পাশাপাশি প্রশ্নও রয়েছে।

কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদটির প্রতিষ্ঠাকাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে প্রচলিত ইতিহাস এবং শিক্ষক মতিউর রহমান রচিত ‘দেওয়ান ঈসা খাঁ’ গ্রন্থের তথ্য অনুযায়ী, ১৯১৮ সালের ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়। পরে স্থানীয় মানুষের আর্থিক সহযোগিতায় এটি পুনর্নির্মাণ করা হয়।

প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, বাংলার বার ভূঁইয়াদের অন্যতম শাসক ঈসা খাঁর উত্তরপুরুষ দেওয়ান জিলকদর দাদ খাঁ দুনিয়াদারির প্রতি আগ্রহ হারিয়ে আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োজিত করেন। সাধারণ মানুষের কাছে তিনি ‘পাগলা সাহেব’ নামে পরিচিত ছিলেন। তাঁর ইবাদত-বন্দেগির জন্য নরসুন্দা নদীর মাঝখানে একটি টিলার ওপর টিনের ঘর নির্মাণ করা হয়েছিল। সময়ের পরিক্রমায় সেই স্থাপনাই পাগলা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে।

স্থানীয় মুসল্লি ও সচেতন মহলের মতে, পাগলা মসজিদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। বিপুল অর্থের তহবিলের যথাযথ ব্যবহার, মুসল্লিদের নিরাপত্তা, নারীদের নামাজের উপযুক্ত পরিবেশ, পর্যাপ্ত অজুখানা ও পার্কিং সুবিধা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এ জন্য স্থানীয় মুসল্লি, বিশিষ্ট আলেম, অভিজ্ঞ ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে একটি কার্যকর স্থায়ী পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।

পাগলা মসজিদ শুধু কিশোরগঞ্জের নয়, দেশের ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রতিষ্ঠানটির সুষ্ঠু ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে আর বিলম্ব না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর।

ভৈরবে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
ভৈরবে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিবাগত মধ্যরাতে পৌর শহরের কালিপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের কালিপুর উত্তরপাড়া এলাকার মৃত শামসু মিয়ার ছেলে শফিক মিয়া (২৮) এবং একই এলাকার দক্ষিণপাড়ার মৃত আতর মিয়ার ছেলে আমীর হোসেন (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে পৌর শহরের কালিপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল হুদা ভূইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে শফিক মিয়া ও আমীর হোসেনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ঢাকা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাজিতপুরে সরকারি বাসে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা; গ্রেপ্তার ৩

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
বাজিতপুরে সরকারি বাসে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা; গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরোজপুর বাজারে গভীর রাতে একটি সরকারি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ও গানপাউডার ব্যবহার করে বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে বাসটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং পরে তিনজনকে গ্রেপ্তারের ঘটনাও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর বাজারে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুটি সরকারি বিআরটিসি বাস রাখা হয়। এর মধ্যে ঢাকা মেট্রো-ব-১১-৫১৮৪ নম্বরের বাসটি রফিকুল ইসলাম মহিলা কলেজের শিক্ষার্থীরা ভৈরবে যাতায়াতের কাজে ব্যবহার করেন। অপর বাসটি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। অগ্নিসংযোগের শিকার বাসটি শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে, বাসে অগ্নিসংযোগের ঘটনার আগের দিন সোমবার (৯ নভেম্বর) দুপুরে সরারচর-পিরোজপুর সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের করার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে জানা গেছে, মিছিলটির ব্যানারে মালয়েশিয়া প্রবাসী কমল চন্দ্র দাসের নাম ছিল এবং তিনি মিছিলের অর্থদাতা ছিলেন বলে দাবি করা হচ্ছে। তবে মিছিলের অর্থায়ন এবং বাসে অগ্নিসংযোগের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাসে আগুন দেওয়ার ঘটনায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম লিটু আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে অভিযোগ করেন। তিনি বলেন, রাত আড়াইটার দিকে পিরোজপুর বাজারে সরকারি বাসে আগুন দিয়ে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মাহবুব আলম লিটু আরও জানান, ঘটনার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকেল ৪টায় পিরোজপুর বাজারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে, আগের দিন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হিলচিয়া এলাকার যুবলীগ নেতা মাহবুব কামাল, দরি ঘাগটিয়া এলাকার আঙ্গুর এবং পুরানগাঁও এলাকার যুবলীগ নেতা বাতেনের ছেলে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পূর্ণ পরিচয় ও গ্রেপ্তারের বিস্তারিত তথ্য পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, বিআরটিসির বাসে অগ্নিসংযোগের ঘটনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণকারীদের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মিছিলে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন মহল।

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, ১০ বছর পর বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, ১০ বছর পর বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), ছবর আলীর ছেলে মঞ্জিল মিয়া (৬৫) ও শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)। তাঁরা সবাই করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, নিহত জ্যোৎস্না বেগম ও আসামিরা একই সীমানার বাড়িতে বসবাস করতেন। বাড়িতে রান্নার চুলার ধোঁয়া ঘরের দিকে আসাকে কেন্দ্র করে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে জ্যোৎস্না বেগমের বিরোধের সূত্রপাত হয়। চুলাটি সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও তা সরানো হয়নি। এ নিয়ে ঘটনার দিন তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আসামিরা সংঘবদ্ধ হয়ে জ্যোৎস্না বেগমকে মারধর করেন।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা জ্যোৎস্না বেগমকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁকে বাঁচাতে স্বজনরা এগিয়ে এলে তাঁর ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে জ্যোৎস্না বেগমকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যপ্রমাণ ও আইনি পর্যালোচনা শেষে আদালত মঙ্গলবার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।