মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বাজিতপুরে সরকারি বাসে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা; গ্রেপ্তার ৩

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বাজিতপুরে সরকারি বাসে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা; গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরোজপুর বাজারে গভীর রাতে একটি সরকারি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ও গানপাউডার ব্যবহার করে বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে বাসটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং পরে তিনজনকে গ্রেপ্তারের ঘটনাও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর বাজারে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুটি সরকারি বিআরটিসি বাস রাখা হয়। এর মধ্যে ঢাকা মেট্রো-ব-১১-৫১৮৪ নম্বরের বাসটি রফিকুল ইসলাম মহিলা কলেজের শিক্ষার্থীরা ভৈরবে যাতায়াতের কাজে ব্যবহার করেন। অপর বাসটি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। অগ্নিসংযোগের শিকার বাসটি শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে, বাসে অগ্নিসংযোগের ঘটনার আগের দিন সোমবার (৯ নভেম্বর) দুপুরে সরারচর-পিরোজপুর সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের করার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে জানা গেছে, মিছিলটির ব্যানারে মালয়েশিয়া প্রবাসী কমল চন্দ্র দাসের নাম ছিল এবং তিনি মিছিলের অর্থদাতা ছিলেন বলে দাবি করা হচ্ছে। তবে মিছিলের অর্থায়ন এবং বাসে অগ্নিসংযোগের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাসে আগুন দেওয়ার ঘটনায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম লিটু আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে অভিযোগ করেন। তিনি বলেন, রাত আড়াইটার দিকে পিরোজপুর বাজারে সরকারি বাসে আগুন দিয়ে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মাহবুব আলম লিটু আরও জানান, ঘটনার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকেল ৪টায় পিরোজপুর বাজারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে, আগের দিন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হিলচিয়া এলাকার যুবলীগ নেতা মাহবুব কামাল, দরি ঘাগটিয়া এলাকার আঙ্গুর এবং পুরানগাঁও এলাকার যুবলীগ নেতা বাতেনের ছেলে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পূর্ণ পরিচয় ও গ্রেপ্তারের বিস্তারিত তথ্য পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, বিআরটিসির বাসে অগ্নিসংযোগের ঘটনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণকারীদের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মিছিলে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন মহল।

ভৈরবে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
ভৈরবে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিবাগত মধ্যরাতে পৌর শহরের কালিপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের কালিপুর উত্তরপাড়া এলাকার মৃত শামসু মিয়ার ছেলে শফিক মিয়া (২৮) এবং একই এলাকার দক্ষিণপাড়ার মৃত আতর মিয়ার ছেলে আমীর হোসেন (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে পৌর শহরের কালিপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল হুদা ভূইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে শফিক মিয়া ও আমীর হোসেনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ঢাকা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, ১০ বছর পর বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, ১০ বছর পর বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), ছবর আলীর ছেলে মঞ্জিল মিয়া (৬৫) ও শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)। তাঁরা সবাই করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, নিহত জ্যোৎস্না বেগম ও আসামিরা একই সীমানার বাড়িতে বসবাস করতেন। বাড়িতে রান্নার চুলার ধোঁয়া ঘরের দিকে আসাকে কেন্দ্র করে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে জ্যোৎস্না বেগমের বিরোধের সূত্রপাত হয়। চুলাটি সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও তা সরানো হয়নি। এ নিয়ে ঘটনার দিন তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আসামিরা সংঘবদ্ধ হয়ে জ্যোৎস্না বেগমকে মারধর করেন।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা জ্যোৎস্না বেগমকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁকে বাঁচাতে স্বজনরা এগিয়ে এলে তাঁর ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে জ্যোৎস্না বেগমকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যপ্রমাণ ও আইনি পর্যালোচনা শেষে আদালত মঙ্গলবার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।

১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশের। আগামী বছর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। ‘ক্রিকেটের তীর্থভূমি’ খ্যাত লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে অংশ নেবে টাইগাররা।

তবে বাংলাদেশের ইংল্যান্ড সফর এবার শুধু একটি টেস্টে সীমাবদ্ধ থাকছে না। সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লর্ডস টেস্টের আগে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে চেমসফোর্ডে। কাউন্টি দল এসেক্সের এই মাঠে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। তবে এখনো এই মাঠে কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

দুটি টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ম্যাচটি তিন অথবা চার দিনের হতে পারে। সব মিলিয়ে আগামী বছরের ইংল্যান্ড সফর বেশ দীর্ঘ হচ্ছে বাংলাদেশের।

বাংলাদেশ সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফর করেছিল। সেবার স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিল দলটি। এর আগে ২০০৫ সালেও ইংল্যান্ডের মাটিতে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ।

আগামী বছরের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। অর্থাৎ আগামী বছর দুই দলই পরস্পরের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাবে।