রেলওয়ের ৭০ শতাংশ মিটার গেজ ইঞ্জিনের আয়ুষ্কাল শেষ
বাংলাদেশ রেলওয়ের মিটার গেজ ইঞ্জিন বহরের প্রায় ৭০ শতাংশই অর্থনৈতিক আয়ুষ্কাল হারিয়েছে। ১৬৪টি ইঞ্জিনের মধ্যে ১১৫টির বয়স ২০ বছর পেরিয়েছে। পুরোনো এসব ইঞ্জিন সচল রাখতে হিমশিম খাচ্ছে রেলওয়ে। যন্ত্রাংশের অভাব, মেরামতে দীর্ঘসূত্রতা ও বাড়তি পরিচালন ব্যয়ে ব্যাহত হচ্ছে যাত্রী ও পণ্য পরিবহন। এ পরিস্থিতি মোকাবিলায় ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে তিন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীর অর্থায়নে ৮০টি নতুন ইঞ্জিন কেনার পরিকল্পনা নিয়েছে সরকার।
রেলওয়ের প্রকল্প প্রস্তাব অনুযায়ী, সংস্থাটির মোট ২৯২টি লোকোমোটিভের মধ্যে মিটার গেজ ১৬৪টি এবং ব্রড গেজ ১২৮টি।
কোড-ম্যানুয়েল অনুসারে, একটি ইঞ্জিনের অর্থনৈতিক আয়ু ২০ বছর। সেই হিসাবে মিটার গেজের ১১৫টি ইঞ্জিন মেয়াদ পার করেছে। বাকি ৪৯টির অর্থনৈতিক আয়ুষ্কাল রয়েছে। তবে এসব ইঞ্জিনের কতটি নিয়মিত ব্যবহারের উপযোগী, তার পৃথক পরিসংখ্যান নেই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরোনো ইঞ্জিনের যন্ত্রাংশ সহজে পাওয়া যায় না। পাওয়া গেলেও দাম বেশি। ফলে মেরামতের অপেক্ষায় দীর্ঘদিন পড়ে থাকে অনেক লোকোমোটিভ। বাড়ছে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়। পর্যাপ্ত ইঞ্জিন না থাকায় নতুন ট্রেন চালু এবং পণ্য পরিবহন সম্প্রসারণও কঠিন হয়ে পড়েছে।
পরিকল্পনা অনুযায়ী, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সহায়তায় ৩০টি এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ২০টি ইঞ্জিন কেনা হবে। এডিবির অর্থায়নে ৩০টি ইঞ্জিন সংগ্রহে দরপত্র কার্যক্রম চলছে। এআইআইবির অর্থায়নে সমপরিমাণ ইঞ্জিন কেনার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ২০২৯ সালের মধ্যে ৮০টি ইঞ্জিন পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এডিবির দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। এআইআইবির প্রকল্পও অনুমোদন পেয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাকি ২০টি ইঞ্জিন সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
এআইআইবির ঋণসহায়তায় ৩০টি ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ কেনার ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ প্রকল্পে’ ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৬৯ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮১১ কোটি ৩৭ লাখ এবং ঋণ ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা। ২০২৬ সালের ১ জুলাই শুরু হয়ে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। ইঞ্জিনের পাশাপাশি খুচরা যন্ত্রাংশ, টুলস ও রক্ষণাবেক্ষণের সরঞ্জামও কেনা হবে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, নতুন লোকোমোটিভ যুক্ত হলে ঢাকা-চট্টগ্রাম করিডরসহ মিটার গেজ রুটগুলোতে ট্রেন চলাচল বাড়ানো সম্ভব হবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। রেলওয়ের পরিকল্পনায় ২০৪০ সালের মধ্যে মিটার গেজ লাইন ডুয়েল গেজে রূপান্তরের লক্ষ্য থাকলেও এ কাজে বিলম্বের কারণে ২০৫৫ থেকে ২০৬০ সাল পর্যন্ত মিটার গেজ ট্রেনের প্রয়োজন হতে পারে।
প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করেছে আইআইএফসি বাংলাদেশ। গত ১৪ মে প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় কয়েকটি শর্ত পূরণের ভিত্তিতে অনুমোদনের সুপারিশ করা হয়। পরে সেগুলো অনুসারে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করা হয়েছে।
রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (লোকো) বোরহান উদ্দিন বলেন, ইঞ্জিনের অভাবে ট্রেন পরিচালনায় সমস্যা হচ্ছে। সময়মতো উদ্যোগ না নেওয়ায় এ সংকট তৈরি হয়েছে। নতুন লোকোমোটিভ যুক্ত হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র, ক্রয়, উৎপাদন ও সরবরাহ শেষ করাই এখন বড় পরীক্ষা।







Disqus comments are not configured yet.