বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের নিরাপত্তায় সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মী নিয়োগ দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
শিশুদের নিরাপত্তায় সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মী নিয়োগ দেওয়া হবে

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিদ্যালয়কে শিশুদের জন্য আরো নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

আজ গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মিথস্ক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কর্মকাণ্ড শিশুদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বাড়াতে সহায়তা করে।

অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সন্তানদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত খেলাধুলার সুযোগ করে দিতে হবে। খেলার পরিবেশ অবশ্যই নিরাপদ ও পরিচ্ছন্ন হতে হবে। একই সঙ্গে শিশুদের আশপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে সচেতন করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ নীতিমালায় কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় নতুনভাবে বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরো কার্যকর ও সুশৃঙ্খল করা সম্ভব হবে।

আগে ১৮তম নিবন্ধনের সুপারিশ, এরপর ৯ম শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
আগে ১৮তম নিবন্ধনের সুপারিশ, এরপর ৯ম শিক্ষক নিয়োগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষে নবম শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরুর কথা রয়েছে। অন্যদিকে, মৌখিক পরীক্ষা শেষে ১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগের সুপারিশ করার পরিকল্পনা রয়েছে। এ অবস্থায় নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নাকি ১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগ সুপারিশ—কোনটি আগে হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রগুলো জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হবে। এরপর ১৮তম নিবন্ধনে সুপারিশবঞ্চিতদের নিয়োগ সুপারিশ করার পরিকল্পনা রয়েছে। ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮০০-এর বেশি প্রার্থী সুপারিশের অপেক্ষায় রয়েছেন।

সূত্রের তথ্য বলছে, ১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের সুপারিশের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ, নবম শিক্ষক নিয়োগ সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হবে। আগের মতো নিবন্ধন সনদ না দিয়ে সরাসরি নিয়োগের সুপারিশ করা হবে। এ জন্য সুপারিশবঞ্চিতদের নিয়োগের সুপারিশ আগে করতে হবে। এরপর নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের বিষয়টি আগে সমাধানের পরিকল্পনা রয়েছে। এরপর নবম বা ১৯তম শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানপ্রধানদের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই ১৮তমদের সুপারিশের কার্যক্রম শুরু হবে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিনিয়র সচিব প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের পরীক্ষা শেষে তাঁদের নিয়োগের ব্যবস্থা করতে এনটিআরসিএকে মৌখিকভাবে জানিয়েছেন। ফলে ১৮তমদের নিয়োগ কার্যক্রমই আগে সম্পন্ন হবে বলে মনে হচ্ছে।’

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, রাজধানীর দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ, দেশব্যাপী খাল ও নদী খনন, নদীভাঙন প্রতিরোধ এবং সড়ক চার লেনে উন্নীতকরণ।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি।

গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে। ২০২৬ থেকে ২০৩১ মেয়াদে বাস্তবায়নের জন্য প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।

এ ছাড়া দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধির প্রকল্পে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পেও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা। প্রকল্পটি ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন করা হবে। এর মধ্যে সরকারের অর্থায়ন ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা এবং ঢাকা ওয়াসার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৫ হাজার ১০৬ কোটি টাকা এবং বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

এ ছাড়া জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় বৃদ্ধি অনুমোদন করা হয়েছে। পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনে ব্যয় বৃদ্ধি করা হয়েছে ১০৫ কোটি ৯৮ লাখ টাকা।

পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষায় ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

এ ছাড়া মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে। এতে প্রকল্প ঋণ হিসেবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা রাখা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, ঢাকা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৯৫ কোটি ৯ লাখ টাকা।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন আরো ১৪টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভৈরবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাদুকা ব্যবসায়ীর টাকা ছিনতাই

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
ভৈরবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাদুকা ব্যবসায়ীর টাকা ছিনতাই

কিশোরগঞ্জের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে শীতের কুয়াশাকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইচক্র। গত ১৭ নভেম্বর রাতে এ সড়কের কালিকাপ্রসাদ বিসিক শিল্পনগরী এলাকায় বাড়ি ফেরার পথে মোজাহিদ আল মিজান (৩২) নামের এক পাদুকা ব্যবসায়ী ডাকাতির শিকার হয়েছেন। এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর কাছ থেকে প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় তাঁর মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়।

মোজাহিদ আল মিজান ভৈরব উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকার পাদুকা ব্যবসায়ী। তাঁর বাড়ি উপজেলার মানিকদী এলাকায়। ভুক্তভোগীর অভিযোগ, ডাকাতরা তাঁকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল।

মোজাহিদ আল মিজান জানান, ১৭ নভেম্বর রাত ১১টার দিকে ভৈরবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কালিকাপ্রসাদ বিসিক শিল্পনগরী এলাকায় ডাকাতদের কবলে পড়েন তিনি। সড়কে রশি টানিয়ে তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে ডাকাতরা। প্রথমে চারজন তাঁর ওপর হামলা চালায়। কিছুক্ষণের মধ্যে আরও তিনজন সেখানে যোগ দেয়। সংখ্যায় বেশি হওয়ায় তিনি তাদের প্রতিরোধ করতে পারেননি। একপর্যায়ে ডাকাতরা তাঁর মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর কাছে থাকা প্রায় ১ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা। তবে চিৎকার শুনে লোকজন এগিয়ে আসতে পারে—এমন আশঙ্কায় তারা ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে রেখেই পালিয়ে যায়।

ভুক্তভোগী আরও বলেন, ‘ডাকাতদের উদ্দেশ্য শুধু ডাকাতি ছিল না, আমার মনে হয়েছে আমাকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল। মহান আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে ফিরেছি।’

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন মোজাহিদ। পরে টহলরত পুলিশের সহযোগিতায় তাঁর ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার হয়নি। এ ঘটনায় সড়কে নিরাপত্তা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে শীতকালে কুয়াশাচ্ছন্ন রাতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এর মাত্র চার দিন আগে কুলিয়ারচর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই ভাইসহ কয়েকজন সাধারণ মানুষও এ সড়কে ডাকাতির শিকার হয়েছেন বলে স্থানীয়রা জানান। তাঁদের অভিযোগ, এসব ঘটনার পরও প্রশাসনের দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ না থাকায় অপরাধীদের তৎপরতা থামছে না।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শীতের রাতে সড়কে অপরাধ ও ছিনতাই প্রতিরোধে চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল আরও জোরদার করা হচ্ছে।