খাজা মইনুদ্দিন চিশতী দারুল উলুম মাদরাসার সভাপতির দায়িত্বে শরিফুন্নেসা
মাদ্রাসা কর্তৃপক্ষ হতে ফুলেল শুভেচ্ছায় শরিফুন্নেছা
কিশোরগঞ্জ সদর উপজেলার খাজা মইনুদ্দিন চিশতী (রহ.) দারুল উলুম দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন করিমগঞ্জ সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান শরিফুন্নেসা। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমোদন দেওয়া হয়।
শরিফুন্নেসা কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াইল খলাপাড়া গ্রামের মরহুম আবদুল আহাদ মাস্টার (মোগল মাস্টার)-এর মেয়ে। তাঁর বাবা আবদুল আহাদ মাস্টার এই মাদরাসার দাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বাবার অবদান রাখা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মেয়ের নির্বাচিত হওয়ায় বিষয়টি তাঁর পরিবারের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
শরিফুন্নেসা কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের সহধর্মিণী। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী। শিক্ষকতা পেশায় যুক্ত এই শিক্ষিকা ছাত্রজীবন থেকেই মেধার স্বাক্ষর রেখে আসছেন।
২০০১ সালে গুরুদয়াল সরকারি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষায় সারাদেশে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন তিনি। এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে গোল্ড মেডেল গ্রহণ করেন।
এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর এক সংক্ষিপ্ত বার্তায় শরিফুন্নেসা সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘আমার বাবার মতো আমিও যেন সর্বোচ্চটা করে যেতে পারি, মাথা উঁচু করে সততার সঙ্গে। আলহামদুলিল্লাহ।’













Disqus comments are not configured yet.