বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণ উপকরণের দর পুনর্নির্ধারণ, বাড়ল বালু-সিমেন্ট-রডের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
নির্মাণ উপকরণের দর পুনর্নির্ধারণ, বাড়ল বালু-সিমেন্ট-রডের দাম

সরকারি নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণের নতুন দর অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সংশোধিত দরতালিকায় মোটা বালুর দাম প্রায় ৮৬ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ২৪ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি সিমেন্ট ও এক ধরনের রডের দামও বাড়ানো হয়েছে। তবে আমদানি করা পাথর এবং ৪২০ এমপিএ শক্তির রডের দাম কমানো হয়েছে।

গতকাল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ২০২২ সালের নির্মাণকাজের দরতালিকা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নির্মাণ উপকরণের দর পুনর্নির্ধারণে গঠিত বিশেষ কমিটির সুপারিশ সভায় উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সভায় উপস্থিত সূত্র জানায়, আগের একনেক সভায় আরো যাচাই-বাছাইয়ের জন্য ফেরত পাঠানো সুপারিশগুলো সংক্ষিপ্ত আলোচনার পর অনুমোদন দেওয়া হয়।

কমিটির সুপারিশ অনুযায়ী, প্রতি ঘনমিটার মোটা বালুর দাম এক হাজার ৯০০ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার ৫৩০ টাকা করা হয়েছে। এতে দাম বেড়েছে ৮৫ দশমিক ৭৯ শতাংশ। প্রতি টন পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্টের দাম ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ৫০০ এমপিএ শক্তির রডের দাম প্রতি টন ৮৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৯ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, ৪২০ এমপিএ শক্তির রডের দাম ৯০ হাজার টাকা থেকে কমিয়ে ৮৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেলের দাম বেড়েছে ২৩ দশমিক ৮৫ শতাংশ।

আমদানি করা পাথরের দাম প্রতি ঘনমিটার আট হাজার ৪০০ টাকা থেকে কমিয়ে সাত হাজার ৯৪৯ টাকা করা হয়েছে। আর উৎস পর্যায়ে মধ্যপাড়া গ্রানাইট পাথরের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৬৯৬ টাকা।

কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বালুর দাম বাড়ার পেছনে উৎস পর্যায়ে সরবরাহের সীমাবদ্ধতা, ডিজেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহনপথে অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের ভূমিকা রয়েছে। উৎস পর্যায়ে প্রতি ঘনফুট মোটা বালুর দাম ১৭ থেকে ২০ টাকা। কিন্তু পরিবহন ও ওঠানো-নামানোর খরচ বাবদ ব্যয় হয় ৭০ থেকে ৭৫ টাকা। অর্থাৎ সরবরাহ পর্যায়ে বালুর মোট দামের প্রায় দুই-তৃতীয়াংশই পরিবহন ও সংশ্লিষ্ট খরচ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশের নির্মাণকাজে ব্যবহৃত পাথরের চাহিদার প্রায় ৯৫ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ হয়। শুল্ক, বন্দরের খরচ, অভ্যন্তরীণ পরিবহন এবং ব্যবসায়ীদের মুনাফার কারণে আমদানি করা পাথরের দাম বেড়ে যায়। এ ছাড়া ডলারের বিনিময় হার ও জাহাজভাড়ার ওঠানামা আমদানি করা ক্লিংকার ও বিটুমিনের দামে প্রভাব ফেলে। বিদ্যুতের মূল্যবৃদ্ধিও সিমেন্ট ও ইস্পাত উৎপাদনের খরচ বাড়ায়।

নির্মাণ ব্যয় নিয়ন্ত্রণে পাথর, ইস্পাত ও বাল্ক বিটুমিনের শুল্ক-কর পর্যালোচনা, রেল ও নৌপথে পরিবহন বাড়ানো এবং পরিবহনপথে অনিয়ম বন্ধের সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি মধ্যপাড়া পাথরের ব্যবহার বাড়ানো, মানসম্মত দেশীয় নির্মাণ উপকরণ ব্যবহারে উৎসাহ দেওয়া এবং বাজার তদারকি জোরদারের প্রস্তাব দেওয়া হয়েছে।

কমিটি নির্মাণ উপকরণ, যন্ত্রপাতি ও শ্রমের জন্য অভিন্ন মূল দর নির্ধারণের সুপারিশ করেছে। তবে অঞ্চলভেদে প্রয়োজনীয় সমন্বয় করা যাবে। দরতালিকা প্রতিবছর পর্যালোচনা করে অনলাইনে প্রকাশ এবং প্রতি তিন বছর পর পুরো দরতালিকা সংশোধনের প্রস্তাবও দিয়েছে কমিটি।

উল্লেখ্য, একটি হাসপাতাল নির্মাণ প্রকল্পে প্রতি বর্গফুটে চার হাজার ১৫২ টাকা ব্যয়ের প্রস্তাব নিয়ে প্রশ্ন ওঠার পর গত ১৩ মে বিশেষ কমিটি গঠন করে একনেক। এক হাজার ৩২৯ কোটি ৫৩ লাখ টাকার ওই প্রকল্পের নির্মাণ ব্যয় যৌক্তিক করতে উপকরণের দরতালিকা হালনাগাদ করে নতুন করে প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

 

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। যথাযথ সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।

তিনি আরো বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।

নতুন নতুন ভাবনা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

 

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিস্টরা: রিজভী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিস্টরা: রিজভী

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভিন্নমতের দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্টদের চরিত্র। এখন তারা রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবারও ক্ষমতায় ফিরতে চায়।

শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসই শুধু স্থান পেয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।

নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সাম্প্রতিক ঘটনাগুলো বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতেও বলা হয়েছে।