বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
চলতি বছরের ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সবকিছু ঠিক থাকলে দুই দিনের সফরে বাংলাদেশে আসবেন তিনি। বিএনপি সরকার গঠনের পর এটি হবে বাংলাদেশে কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম সফর।

ঢাকা ও কুয়ালালামপুরের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী ৭ ও ৮ ডিসেম্বর ঢাকা সফর করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দুই দিনের সফর হলেও ঢাকায় তাঁর অবস্থান হবে সংক্ষিপ্ত। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১২ থেকে ১৩ ঘণ্টা ঢাকায় থাকতে পারেন তিনি। ঢাকা সফর শেষে ব্যাংকক যাবেন আনোয়ার ইব্রাহিম।

কূটনৈতিক সূত্রগুলো আরো জানায়, ৭ ডিসেম্বর সন্ধ্যার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর গত জুনে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে তিনি চীন সফর করেন। তারেক রহমানের কুয়ালালামপুর সফরের প্রায় পাঁচ মাসের মাথায় বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। শুধু তা-ই নয়, প্রায় দুই বছরের ব্যবধানে এটি আনোয়ার ইব্রাহিমের দ্বিতীয় ঢাকা সফর হতে যাচ্ছে।

সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করেছেন, এবার দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন। তারেক রহমানের সফরের সময় যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, আনোয়ার ইব্রাহিমের সফরে সেগুলোর অগ্রগতি পর্যালোচনার সুযোগ তৈরি হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়েও আলোচনা হবে।

জুনে তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা-সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ-সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়।

এবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরেও দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হতে পারে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আনোয়ার ইব্রাহিমের সফরে তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন। সরকার দায়িত্ব নেওয়ার পর এটি কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম সফর হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার ভালো সম্পর্ক রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে গত বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে। পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সফর-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া। আনোয়ার ইব্রাহিমের এ সফরে শ্রমবাজার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সরকারের কর্মকর্তারা। এক কর্মকর্তা বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জন্য বড় শ্রমবাজার। দেশটির প্রধানমন্ত্রীর সফরে নিরাপদ অভিবাসনের বিষয়টি গুরুত্ব পাবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার। দেশটির কোম্পানি ডিএইচএলের মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১১২ জন কর্মী মালয়েশিয়া যাবেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। সরকারিভাবে কর্মী পাঠানো শুরু হলে পরে বেসরকারিভাবেও কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

২০২৪ সাল থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে। বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এ শ্রমবাজার আবার উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। গত জুনে মালয়েশিয়া সফরে গিয়ে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম। প্রায় দুই বছরের ব্যবধানে আবার ঢাকায় আসছেন তিনি।

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিস্টরা: রিজভী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিস্টরা: রিজভী

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভিন্নমতের দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্টদের চরিত্র। এখন তারা রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবারও ক্ষমতায় ফিরতে চায়।

শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসই শুধু স্থান পেয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।

নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সাম্প্রতিক ঘটনাগুলো বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতেও বলা হয়েছে।

অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় যোগ দিতে লালমনিরহাটে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় যোগ দিতে লালমনিরহাটে প্রধানমন্ত্রী
এক দিনের সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ ছাড়া সফরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় উন্নয়নবিষয়ক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লালমনিরহাটের এয়ারফিল্ডে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বলেন, ‘এয়ারফিল্ডের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি। সেখানকার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।’

এর আগে আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে সরকারপ্রধান তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে উত্তরের পথে রওনা হন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

সফরের কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।