মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচি বেআইনি: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:০০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচি বেআইনি: জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচি আয়োজন বেআইনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাঁদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, ‘সরকার বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই সরকার সহ্য করবে না।’

তিনি আরও বলেন, ‘যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে সেখানে যৌথবাহিনী আছে। তারা গ্রেপ্তার হবে এবং নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবে।’

পুলিশের বলপ্রয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘পুলিশ বলপ্রয়োগ করতে পারে, পুলিশের সেই অধিকার রয়েছে। কিন্তু বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়, সেটি গুরুত্বপূর্ণ। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।’

জাহেদ উর রহমান বলেন, ‘যতটুকু প্রয়োজন, তার চেয়ে বেশি বলপ্রয়োগ করা যাবে না। পুলিশ যেন প্রয়োজন অনুযায়ী আনুপাতিকভাবে বলপ্রয়োগ করে দায়িত্ব পালন করে, সরকার সেটিই চায়।’

রবি মৌসুমে ফসলের আবাদ বাড়াতে কটিয়াদীতে কৃষি প্রণোদনা বিতরণ

মাইনুল হক মেনু প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
রবি মৌসুমে ফসলের আবাদ বাড়াতে কটিয়াদীতে কৃষি প্রণোদনা বিতরণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম ও মুগডালের আবাদ এবং উৎপাদন বাড়াতে ১ হাজার ৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। কৃষি বিভাগের আশা, এ উদ্যোগের ফলে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তেলবীজ ও ডালজাতীয় ফসলের আবাদে তাঁরা আরও উৎসাহিত হবেন।

মঙ্গলবার সকালে কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আমান উল্লাহ, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি তাসরিফুল হাসিবসহ উপকারভোগী কৃষক-কৃষাণী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ১ হাজার ৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ২৪০ জন কৃষক প্রত্যেকে পাবেন ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।

এ ছাড়া ৬০ জন কৃষক প্রত্যেকে পাবেন ১০ কেজি চিনাবাদামের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। অন্যদিকে ১০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি মুগডালের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৩১০ জন কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমার পাশাপাশি অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় আনার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে উন্নত জাতের বীজ ব্যবহার এবং সুষম সার প্রয়োগের মাধ্যমে ফসলের ফলন ও গুণগত মান বাড়ানো সম্ভব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকার নিয়মিত কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে আর্থিক সংকটের কারণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা যাতে উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার ব্যবহারে পিছিয়ে না পড়েন, সে লক্ষ্যেই বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরিষা, চিনাবাদাম ও মুগডাল রবি মৌসুমের গুরুত্বপূর্ণ ফসল। এসব ফসলের আবাদ সম্প্রসারণ করা গেলে একদিকে যেমন ভোজ্যতেলের স্থানীয় উৎপাদন বাড়বে, অন্যদিকে ডালজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে সরিষার আবাদ বাড়লে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতেও সহায়ক হবে।

অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ ছাড়তে চান ওসমান ফারুক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ ছাড়তে চান ওসমান ফারুক

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন এই সংসদ সদস্য।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে ১৯৬৩ সালে মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের ফেলোশিপ কর্মসূচিতে অংশ নেন তিনি। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ১৯৭০ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা জারি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা জারি

জমি ও স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধান জারি করেছে সরকার। এখন থেকে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণে শুধু সর্বনিম্ন মূল্য বিবেচনা করা হবে না। এ জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক বাজারমূল্য নির্ধারণ কমিটি গঠন করা হবে। নির্ধারিত বাজারমূল্যের তালিকা তিন বছর কার্যকর থাকবে।

এ বিষয়ে গত ১১ নভেম্বর ‘সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ অধিকতর সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নিবন্ধন অধিদপ্তর।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯০৮ সালের রেজিস্ট্রেশন অ্যাক্টের ৬৯ ধারার উপধারা (১)-এর দফা (কে)-তে দেওয়া ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে এ সংশোধনী আনা হয়েছে।

সংশোধনের মাধ্যমে বিধিমালার নাম থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ‘বাজার মূল্য’ বলতে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য বোঝানো হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, সিটি করপোরেশনভুক্ত এলাকার জমির বাজারমূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিটি। পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য কাজ করবে জেলা কমিটি। এসব এলাকার বাইরে অন্যান্য স্থানের জমির মূল্য নির্ধারণ করবে উপজেলা কমিটি।

বিভাগীয় কমিটির সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার। এ কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আয়কর বিভাগের প্রতিনিধি এবং প্রযোজ্য ক্ষেত্রে নগর উন্নয়ন কর্তৃপক্ষ বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। জেলা রেজিস্ট্রার হবেন সদস্য-সচিব।

জেলা কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক। কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারসহ নির্ধারিত কর্মকর্তারা সদস্য হিসেবে থাকবেন। জেলা রেজিস্ট্রার এ কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে উপজেলা কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কমিটির সদস্য হবেন। উপজেলা সাব-রেজিস্ট্রার থাকবেন সদস্য-সচিব।

সংশোধিত বিধিমালায় বাজারমূল্য নির্ধারণের মেয়াদ তিন বছর করা হয়েছে। কোনো এলাকার বাজারমূল্যের মেয়াদ যে পঞ্জিকাবর্ষে শেষ হবে, ওই বছরের ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটিকে নতুন বাজারমূল্য নির্ধারণ করে তালিকা প্রস্তুত করতে হবে। তালিকার একটি অনুলিপি ১৫ ডিসেম্বরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধনের কাছে পাঠাতে হবে।

বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা, সরকারি সম্পত্তির নির্ধারিত বাজারমূল্য এবং বিভিন্ন সরকারি সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত মূল্য বিবেচনায় নিতে হবে। পাশাপাশি স্থানীয় বাজারমূল্য অনুসন্ধান, গণশুনানিতে পাওয়া তথ্য, পূর্ববর্তী নিবন্ধিত দলিলের মূল্য এবং সাম্প্রতিক ক্রয়-বিক্রয়ের তথ্যও বিবেচনা করতে হবে।

বিধিমালায় বলা হয়েছে, কোনো একটি বিষয়কে এককভাবে বিবেচনা করে বাজারমূল্য নির্ধারণ করা যাবে না। বরং সংগৃহীত সব তথ্য-উপাত্ত যাচাই ও বিশ্লেষণ করতে হবে। কোনো মৌজায় জমির অবস্থান ও বৈশিষ্ট্যের কারণে বাজারমূল্যে পার্থক্য থাকলে একাধিক ক্লাস্টার বা গুচ্ছভিত্তিক মূল্য নির্ধারণ করতে হবে।

কমিটিগুলোর কাছ থেকে তালিকা পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন তা বিবেচনা করে চূড়ান্ত বাজারমূল্যের তালিকা অনুমোদন ও আদেশ জারি করবেন। চূড়ান্ত তালিকার অনুলিপি নিবন্ধন অধিদপ্তর, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, সহকারী কমিশনার (ভূমি) এবং সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠাতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তালিকা সংরক্ষণের পাশাপাশি নির্ধারিত কার্যালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে জানতে পারেন।

তবে আদালতের ডিক্রির মাধ্যমে সম্পাদিত দলিলের ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হয়েছে। চুক্তি প্রবলের মামলায় আদালতের ডিক্রি জারি কার্যক্রমের আওতায় আদালত কর্তৃক সম্পাদিত দলিল দলিলে প্রদর্শিত মূল্যেই নিবন্ধন করতে হবে।

বায়নাপত্রের ক্ষেত্রেও মূল্য নির্ধারণের পৃথক নিয়ম রাখা হয়েছে। বায়নাপত্রে উল্লেখিত সম্পত্তির মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়ে কম হলে বিক্রয় দলিল সম্পাদনের সময় কার্যকর বাজারমূল্যের ভিত্তিতে নিবন্ধন করতে হবে। আর বায়নাপত্রে উল্লেখিত মূল্য বাজারমূল্যের চেয়ে বেশি হলে বায়নাপত্রে প্রদর্শিত মূল্যেই বিক্রয় দলিল নিবন্ধন করতে হবে।

নতুন এ বিধিমালার মাধ্যমে জমির বাজারমূল্য নির্ধারণে স্থানীয় বাস্তবতা, সাম্প্রতিক ক্রয়-বিক্রয় এবং অবকাঠামোগত সুবিধাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বাস্তবভিত্তিক মূল্যায়নের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।