রবি মৌসুমে ফসলের আবাদ বাড়াতে কটিয়াদীতে কৃষি প্রণোদনা বিতরণ
কিশোরগঞ্জের কটিয়াদীতে রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম ও মুগডালের আবাদ এবং উৎপাদন বাড়াতে ১ হাজার ৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। কৃষি বিভাগের আশা, এ উদ্যোগের ফলে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তেলবীজ ও ডালজাতীয় ফসলের আবাদে তাঁরা আরও উৎসাহিত হবেন।
মঙ্গলবার সকালে কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আমান উল্লাহ, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি তাসরিফুল হাসিবসহ উপকারভোগী কৃষক-কৃষাণী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ১ হাজার ৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ২৪০ জন কৃষক প্রত্যেকে পাবেন ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।
এ ছাড়া ৬০ জন কৃষক প্রত্যেকে পাবেন ১০ কেজি চিনাবাদামের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। অন্যদিকে ১০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি মুগডালের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৩১০ জন কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমার পাশাপাশি অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় আনার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে উন্নত জাতের বীজ ব্যবহার এবং সুষম সার প্রয়োগের মাধ্যমে ফসলের ফলন ও গুণগত মান বাড়ানো সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকার নিয়মিত কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে আর্থিক সংকটের কারণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা যাতে উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার ব্যবহারে পিছিয়ে না পড়েন, সে লক্ষ্যেই বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরিষা, চিনাবাদাম ও মুগডাল রবি মৌসুমের গুরুত্বপূর্ণ ফসল। এসব ফসলের আবাদ সম্প্রসারণ করা গেলে একদিকে যেমন ভোজ্যতেলের স্থানীয় উৎপাদন বাড়বে, অন্যদিকে ডালজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে সরিষার আবাদ বাড়লে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতেও সহায়ক হবে।










Disqus comments are not configured yet.