গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি, সবাই যাচ্ছেন কিশোরগঞ্জে
সংগ্রহীত ছবি
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে। বদলিকৃত তিন কর্মকর্তাকেই কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। বদলির আদেশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানের নাম রয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, এই তিন কর্মকর্তাকে গোপালগঞ্জ থেকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও পুলিশ বিভাগের প্রধানের পর এবার তিন থানার ওসিদেরও বদলির ঘটনায় প্রশাসনিক ও পুলিশ বিভাগে একাধিক পরিবর্তন এসেছে।
সম্প্রতি গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগ ওঠে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।













Disqus comments are not configured yet.