কিশোরগঞ্জে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ৩৬০ কিলোওয়াটের প্রকল্প চালু
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে প্রকল্পটির উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
জেলা প্রশাসন, কিশোরগঞ্জের উদ্যোগ ও বাস্তবায়নে প্রকল্পটি চালু করা হয়। জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রায় ৩ হাজার ৬০০ বর্গফুট আয়তনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দেশের জেলা প্রশাসকের কার্যালয়গুলোর মধ্যে এটিই সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা।
প্রকল্পটি চালুর ফলে কার্যালয়ের বিদ্যুৎ ব্যয় আগের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এতে প্রতি মাসে গড়ে প্রায় ৩ লাখ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে সরকারি অর্থ সাশ্রয়ের পাশাপাশি প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমাতেও প্রকল্পটি ভূমিকা রাখছে।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী শরীফুল আলম জানান, কার্যালয়ের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পর উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং বিদ্যুৎ সংকট ও লোডশেডিং মোকাবিলায় সহায়ক হবে।













Disqus comments are not configured yet.