বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় যোগ দিতে লালমনিরহাটে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় যোগ দিতে লালমনিরহাটে প্রধানমন্ত্রী
এক দিনের সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ ছাড়া সফরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় উন্নয়নবিষয়ক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লালমনিরহাটের এয়ারফিল্ডে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বলেন, ‘এয়ারফিল্ডের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি। সেখানকার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।’

এর আগে আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে সরকারপ্রধান তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে উত্তরের পথে রওনা হন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

সফরের কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। যথাযথ সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।

তিনি আরো বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।

নতুন নতুন ভাবনা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

 

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিস্টরা: রিজভী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিস্টরা: রিজভী

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভিন্নমতের দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্টদের চরিত্র। এখন তারা রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবারও ক্ষমতায় ফিরতে চায়।

শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসই শুধু স্থান পেয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।

নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সাম্প্রতিক ঘটনাগুলো বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতেও বলা হয়েছে।