বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে আহত ১০

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভৈরবে শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে আহত ১০
কিশোরগঞ্জের ভৈরবে এক দিনে শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকায় শিয়ালের এবং পৌর শহরে কুকুর ও বিড়ালের কামড়ে তাঁরা আহত হন।

আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে রুহান মিয়া ও ইয়াছিন নামের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

শিয়ালের কামড়ে আহত বাঁশগাড়ি এলাকার আপন মিয়া বলেন, ‘সন্ধ্যায় হঠাৎ আমাদের বাড়িতে একটি শিয়াল ঢুকে প্রথমে আমার মাকে আক্রমণ করে। আমি বাধা দিতে গেলে আমাকে আক্রমণ করে আহত করে। আমার সঙ্গে থাকা আরও বেশ কয়েকজনকে আহত করেছে। পরে স্থানীয়রা তাড়া করলে শিয়ালটি দৌড়ে পালিয়ে যায়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার আহমেদ বলেন, রাতে আহত ১০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ, উপনির্বাচনে প্রার্থিতার ঘোষণা জালাল মো. গাউসের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ, উপনির্বাচনে প্রার্থিতার ঘোষণা জালাল মো. গাউসের

কিশোরগঞ্জের করিমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এ কর্মসূচিতে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আসন্ন উপনির্বাচনে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মো. গাউস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন অ্যাডভোকেট জালাল মো. গাউস।

করিমগঞ্জ কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মিছিলে জালাল মো. গাউসের ছবি সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। মিছিল থেকে ‘এমপি পদে জালাল ভাই’ স্লোগানও দেওয়া হয়।

সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী প্রতিবাদ কর্মসূচি হলেও এতে জালাল মো. গাউসের মনোনয়নপ্রত্যাশার বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে। নেতাকর্মীদের উপস্থিতি এবং তাঁর ছবি সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ডের মাধ্যমে নিজের সাংগঠনিক অবস্থান তুলে ধরেছেন তিনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে অ্যাডভোকেট জালাল মো. গাউস বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। একই সঙ্গে আসন্ন উপনির্বাচনে নিজের প্রার্থিতার ঘোষণা দেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট জালাল মো. গাউস আসন্ন উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুকের পদত্যাগের পর সম্ভাব্য উপনির্বাচন ঘিরে স্থানীয় বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা বেড়েছে।

জালাল মো. গাউস বিগত ১৫ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে করিমগঞ্জে দলের রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দুইবার এবং সাধারণ সম্পাদক হিসেবে একবার দায়িত্ব পালন করেছেন।

জালাল মো. গাউস বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন থেকে সরে দাঁড়িয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন।

সংসদ সদস্য নির্বাচিত হলে হাওরাঞ্চলের কৃষি ও মৎস্যসম্পদের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে চান বলে জানান তিনি।

দীর্ঘদিন দলের জন্য ত্যাগ ও সাংগঠনিক ভূমিকা রাখার বিষয়টি মনোনয়নের ক্ষেত্রে বিবেচনায় আসবে বলে মনে করেন জালাল মো. গাউস। জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা এবং কর্মীবান্ধব ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার কথাও জানান এই বিএনপি নেতা।

ড. এম ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আসন্ন উপনির্বাচনে একাধিক বিএনপি নেতা প্রার্থিতার ঘোষণা দিয়েছেন।

জনগণের সমস্যা ও উন্নয়ন তদারকিতে কটিয়াদীতে এমপির অফিস কক্ষ উদ্বোধন

মাইনুল হক মেনু প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
জনগণের সমস্যা ও উন্নয়ন তদারকিতে কটিয়াদীতে এমপির অফিস কক্ষ উদ্বোধন
নির্বাচনী এলাকায় দাপ্তরিক কাজ পরিচালনা ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষায় সংসদ সদস্যদের (এমপি) জন্য প্রতিটি উপজেলা পরিষদ ভবনে অফিস বা ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর ধারাবাহিকতায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের পুরাতন ভবনে এ অফিস কক্ষ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, আতিকুর আতিক ও শফিকুর রহমান বাদল, উপজেলা যুবদলের সভাপতি মাহবুব আলম মাসুদ এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেতু প্রমুখ।

এ সময় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, “সাধারণ মানুষের সমস্যা শোনা এবং উন্নয়নকাজ তদারকির জন্য একটি বসার স্থান প্রয়োজন। খোলা রাস্তায় দাঁড়িয়ে এসব কাজ করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও উন্নয়নকাজ পরিচালনার জন্য এই অফিসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।”

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ভিপি সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ভিপি সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে

তাড়াইল ও করিমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ এবং পরিবারের ত্যাগের বিষয়টি সামনে এনে তাঁর সমর্থকরা এই আসনে তাঁকে প্রার্থী হিসেবে বিবেচনার দাবি জানাচ্ছেন।

তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, গুরুদয়াল সরকারি কলেজের ভিপি ও জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সাইফুল ইসলাম সুমন ছাত্ররাজনীতির কঠিন পথ পাড়ি দিয়েছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে উঠে আসায় স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে বলে দাবি করছেন তাঁর অনুসারীরা।

প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও পূর্ববর্তী সরকারের সময়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সাইফুল ইসলাম সুমন। স্থানীয় সরকার ব্যবস্থায় কাজ করার অভিজ্ঞতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের অতীতকে তাঁর রাজনৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করছেন সমর্থকরা।

সমর্থকদের দাবি, গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে আন্দোলনে সক্রিয় থাকাকালে সাইফুল ইসলাম সুমন গুলিবিদ্ধ হয়েছিলেন। সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে রাজপথে তাঁর সক্রিয় অবস্থানকে সাহসিকতা ও রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে তুলে ধরছেন দলীয় কর্মীরা।

রাজনৈতিক মামলা ও হয়রানির কারণে তাঁকে একাধিকবার কারাগারে যেতে হয়েছে বলেও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। সমর্থকদের তথ্যমতে, রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁর ৮২ বছর বয়সী বাবা, বিএনপির সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহামেদ এবং পরিবারের পাঁচ ভাইকে একসঙ্গে কারাবরণ করতে হয়েছিল।

স্থানীয় নেতাকর্মীদের মতে, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা, রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন এবং ব্যক্তিগত ও পারিবারিকভাবে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়া একজন নেতার প্রতি দলীয় মূল্যায়ন ও আস্থা প্রকাশের গুরুত্বপূর্ণ দিক হতে পারে। তাঁদের বিশ্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়ন দেওয়া হলে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়বে এবং সাধারণ ভোটারদের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছাবে।