ভারতের পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গেও পড়ছে: তথ্যমন্ত্রী
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের একটি অত্যন্ত খারাপ পররাষ্ট্রনীতি রয়েছে। এ কারণেই দেখবেন, সব প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ। ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব এখন বাংলাদেশের সঙ্গেও পড়ছে।’
তিনি অভিযোগ করেন, ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে এবং দেশটির গণমাধ্যম তাতে সমর্থন দিচ্ছে। এ পরিস্থিতিকে তিনি ভারতের পররাষ্ট্রনীতির ফল হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে আন্দালিব রহমান বলেন, ‘এটা অনেক পরের ব্যাপার, অনেক পরের আলোচনা। এটি অন্য মন্ত্রণালয়ের বিষয়। সংশ্লিষ্ট ব্যক্তিরাই এ বিষয়ে কথা বলার ভালো অবস্থানে রয়েছেন।’
বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশে হিন্দু-মুসলমানের সহাবস্থানের বিষয়টি ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু-মুসলমান একই ছাদের নিচে শান্তিতে বসবাস করি। কয়েক দিন আগে যে দুর্গাপূজা হলো, বাংলাদেশের ইতিহাসে এ রকম পূজা হয়নি। কিন্তু কোনো রাজনৈতিক সংঘাতে হিন্দু বা সংখ্যালঘু কেউ জড়িয়ে পড়লে ভারত সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে। কারণ, এটি বিজেপির স্থানীয় রাজনীতিতে সুবিধা দেয়।’
ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশটির গণমাধ্যমগুলো স্থানীয় রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য এ ধরনের বিষয় তুলে ধরছে।
তিনি বলেন, ‘যাঁরা বোঝার, তাঁরা সবাই জানেন কোন পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে, জনগণ কীভাবে তাদের বিতাড়িত করেছে এবং বাংলাদেশে এখন কী পরিস্থিতি বিরাজ করছে। ভারত যেখানে স্থানীয় রাজনীতিতে সুবিধা পাবে, সে জন্যই এসব করছে।’
মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।










Disqus comments are not configured yet.