বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

মুল্ডারের ব্যাটে-বলে দাপট, ২-০ ব্যবধানে সিরিজ হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
মুল্ডারের ব্যাটে-বলে দাপট, ২-০ ব্যবধানে সিরিজ হার বাংলাদেশের
একই টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ৭ উইকেট নিয়ে বিরল কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার। তাঁর দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে প্রোটিয়ারা।

টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরি ও ৭ উইকেট নেওয়া পঞ্চম ক্রিকেটার মুল্ডার। পাশাপাশি ১৯৮০ সালে ইংল্যান্ডের ইয়ান বোথামের পর প্রথম পেসার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

এর আগে ২০২৫ সালের জুলাইয়ে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৩৬৭ রানের ইনিংস খেলেছিলেন মুল্ডার। এবার বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি ও ৭ উইকেট নিয়ে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করলেন এই অলরাউন্ডার।

সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। মুল্ডার ১৭৮ বলে ১০০ রান করেন। জবাবে তৃতীয় দিন ব্যাট করতে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৮৪ রানে। বল হাতে ১১ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ৭ উইকেট নেন মুল্ডার।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও তানজিদ হাসান ৫০ রানের জুটি গড়েন। মুল্ডার এই জুটি ভাঙেন। ৪৮ বলে ২৯ রান করে তাঁর বলে আউট হন তানজিদ। এরপর কোনো রান না করেই মুল্ডারের শিকার হন মুমিনুল হক।

মার্কো জানসেনের বলে আউট হওয়ার আগে মাহফিজুল করেন ৬২ বলে ৩৮ রান। তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতির পর পাল্টা আক্রমণের চেষ্টা করেন তৌহিদ হৃদয়। তবে ৩৩ বলে ৪১ রান করে কাগিসো রাবাদার বলে ফেরেন তিনি।

কুঁচকির চোটের কারণে দ্বিতীয় দিন মাঠ ছেড়েছিলেন লিটন দাস। পরে ব্যাট করতে ফিরলেও বড় ইনিংস খেলতে পারেননি। মুল্ডারের বলে আউট হন তিনি।

এরপর বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান মুল্ডার। জাকের আলীকে ২ ও শরিফুল ইসলামকে শূন্য রানে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন। পরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও আউট করেন তিনি।

শেষ পর্যন্ত তাসকিন আহমেদকে বোল্ড করে ইনিংসে নিজের সপ্তম উইকেট তুলে নেন মুল্ডার। ১৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস ও ২১৯ রানের জয়।

এই জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে এক ধাপ নেমে গেছে বাংলাদেশ।

ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের বক্তব্যে আগুন সন্ত্রাসের প্রসঙ্গ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের বক্তব্যে আগুন সন্ত্রাসের প্রসঙ্গ

সংগ্রহীত ছবি

চব্বিশের আন্দোলনে পরাজিত শক্তি আবারও দেশের উন্নয়ন ব্যাহত করতে আগুন সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, গত ১৭ বছরে গুম, খুন, অত্যাচার, জুলুম ও নির্যাতনের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। ভঙ্গুর করে দেওয়া হয়েছে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার জিল্লুর রহমান পৌর মিলনায়তনের আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা ছিল না। কথা বলার স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। একদলীয় বাকশাল কায়েমের একটি অলিখিত পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেই পরাজিত শক্তি চব্বিশের আন্দোলনে ১ হাজার ৪০০ ছাত্র ও রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে। হাজার হাজার মানুষকে গুম ও হত্যা করেছে। কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও সেই শক্তির কাছ থেকে কেউ একবারও শোনেনি যে তারা অনুতপ্ত।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ব্যাহত ও নস্যাৎ করে আবারও দেশকে অন্ধকার যুগে ফিরিয়ে নিতে চায় পরাজিত শক্তি।

শরীফুল আলম বলেন, ‘চব্বিশের আন্দোলনে দেশের ছাত্র, আলেম সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছেন, একইভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরাজিত শক্তির বিরুদ্ধে নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকতে হবে।’

ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংগ্রহীত ছবি

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ দলটির অন্যান্য নেতারা।

বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট বন্ধে সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সোলায়মান মিয়া (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের আলোর স্টোর বাজারের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান মিয়া পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলোর স্টোর বাজারে দর্জির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোলায়মান মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত লাগে।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ উল ইসলাম বলেন, বুধবার রাতে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কিশোরগঞ্জে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।