শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য প্রার্থীকে নিয়োগবঞ্চিত করলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: হাইকোর্ট
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের রায়ে এ নির্দেশনা দেন। কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগসংক্রান্ত ওই রিটের ওপর দীর্ঘ শুনানি শেষে আদালত রুল খারিজ করেন। তবে রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
মামলার বিবরণে জানা যায়, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন মো. জাহাঙ্গীর আলম। তবে ম্যানেজিং কমিটি কোরাম সংকটের অজুহাতে তাঁকে নিয়োগ দেয়নি। প্রতিকার চেয়ে ২০১৯ সালে তিনি হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন।
রায়ে আদালত বলেন, আইনানুগ প্রক্রিয়ায় কোনো আবেদনকারী নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হলে যৌক্তিক কারণ ছাড়া তাঁকে নিয়োগ থেকে বঞ্চিত করা যাবে না।
আদালত আরও বলেন, এ ধরনের অনিয়মের সঙ্গে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি কিংবা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ক্ষেত্রে কমিটি বাতিল ও শিক্ষকের এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
আদালতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ।










Disqus comments are not configured yet.